সোমবার   ০৯ নভেম্বর ২০২৬   কার্তিক ২৪ ১৪৩৩   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১০

কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬  

প্রথমে নিয়ম লঙ্ঘন করে কৃষকের ১০ হাজার টাকার ঋণ সুদে-আসলে লাখ টাকা বানানো হয়েছে। এখন তা ২০ হাজার টাকায় নামিয়ে ঋণ মওকুফের জন্য সরকারের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। বাড়তি সুদ, যা আগে ব্যাংকের আয় খাতে দেখানো হয়েছিল, এখন তা মওকুফ করে ব্যাংক নিজের পুরোনো অনিয়মও আড়াল করছে। নিয়ম অনুযায়ী, ঋণের সুদ আয় খাতে নিলে রাষ্ট্রীয় ব্যাংক তা মওকুফ করতে পারে না।

এ প্রক্রিয়ায় ব্যাংকটি দীর্ঘদিনের পুরোনো এবং কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন কিছু ঋণও মওকুফ করেছে। এতে অনিয়মে জড়িত কর্মকর্তারাও দায়মুক্তির সুযোগ পেতে যাচ্ছেন।

সরকারের কৃষিঋণ মওকুফের জনকল্যাণমূলক সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক এ কাজ করছে। তারা একে নিজেদের আর্থিক হিসাব পরিষ্কার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 

বাংলাদেশ ব্যাংকের ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী, সুদসহ ঋণ মূল ঋণের দ্বিগুণ হলে নতুন করে সুদ আরোপ করা যাবে না। কৃষি ব্যাংকে এই নির্দেশনা মানা হচ্ছে না। তারা ১০ হাজার টাকার ঋণে সুদ ও নতুন ঋণ সৃষ্টি করে এই অঙ্ক এক থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে এবং ওই অর্থ ব্যাংকের আয় খাতে দেখিয়ে আসছে। 

সমকালের অনুসন্ধানে দেখা গেছে, এই অনিয়ম ব্যাংকের কয়েকটি শাখার বিচ্ছিন্ন ঘটনা নয়। পর্ষদ, প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখা পর্যায়ের ভূমিকা, ম্যানুয়ালি আবেদন পাঠানোর নির্দেশ এবং বিশেষ কমিটি– সব মিলিয়ে এটা ঘটেছে প্রাতিষ্ঠানিকভাবে। 

অবশ্য কৃষি ব্যাংক দাবি করেছে, ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী তারা কৃষিঋণের সুদ হিসাব করেছে। ঋণ দ্বিগুণ হওয়ার পর আর কোনো সুদ আরোপ করা হয়নি। যথাযথভাবে সুদ মওকুফ করা হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, ২০২১ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক হাজার ৩৮টি শাখার সবগুলো অনলাইন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে।

অনুসন্ধান যা বলছে

টাঙ্গাইলের সখিপুর উপজেলার গৌরগোবিন্দপুরের বাসিন্দা রফিকুল ইসলামের নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের সখিপুর শাখায় এক লাখ ৫৪ হাজার ৫৫৯ টাকার ঋণ ছিল। মওকুফ কর্মসূচির আওতায় ২০ হাজার টাকা দেখিয়ে এ ঋণ নিষ্পত্তি করেছে ব্যাংক। 

একইভাবে কক্সবাজারের কুতুবদিয়া শাখায় জয়ন্ত কুমার দাশের ৯৪ হাজার ৭৩ টাকার ঋণ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখায় শহীদ মিয়ার এক লাখ তিন হাজার ৫৫০ টাকার ঋণও এই সুবিধার আওতায় নিষ্পত্তি হয়েছে। 

এই ঋণ তিনটি নিষ্পত্তি করতে কৃষি ব্যাংককে তিন লাখ তিন হাজার ৬০ টাকা আয় খাত থেকে বিকলন (ইনকাম ডেবিট) করতে হয়েছে। এটা বিধিবহির্ভূত। 

দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়। শুরুতে সরকারের সিদ্ধান্ত ছিল, বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঋণ নিরীক্ষা করে সরকারের কাছে পাঠাবে। নিরীক্ষিত অংশের দায় সরকার সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধ করবে। এভাবে নিরীক্ষা করে ১৪ লাখের বেশি কৃষকের দায় নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এমন বিবেচনায় আগে অর্থ পরিশোধ করে পরে নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়। 

কেন এই অনুসন্ধান

‘ঋণ জালিয়াত চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী’ শিরোনামে গত ৩ আগস্ট সমকালে প্রধান প্রতিবেদন ছাপা হয়। তাতে দেখা যায়, স্থানীয় দালাল ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাংলাদেশ কৃষি ব্যাংকে দিনমজুর, জেলে, রিকশাচালকসহ কয়েক হাজার প্রান্তিক শ্রমজীবীর বিপুল অঙ্কের ঋণ তোলা হয়। এদের মধ্যে অনেকে তাঁর নামে ঋণ হওয়ার বিষয় জানতেন না। একটা অংশকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বড় অংশ দালাল ও ব্যাংকের অসাধু কর্মকর্তারা ভাগ করে নেন। সুদে-আসলে যা এখন বিশাল দায়ে পরিণত হয়েছে।

ওই প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন অঞ্চল থেকে কৃষিঋণের সুদ মওকুফ বিষয়ে নানা তথ্য আসতে থাকে সমকালের হাতে। তা নিয়ে আবার মাঠে নামেন এই প্রতিবেদক। 

অনিয়মের ঋণও মাফ

সমকালের অনুসন্ধানে দেখা গেছে, অস্তিত্বহীন ঋণেও মওকুফের সুবিধা নিয়েছে ব্যাংকটি। ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, সুবিধা পাওয়া ঋণের অন্তত অর্ধেকে কোনো না কোনো অনিয়ম আছে। ঋণ মওকুফের কাজ গত জুনে শেষ হয়েছে।

কৃষি ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে পাঠানোর সর্বশেষ পষদ সভা হয় গত ১৮ জুন। এর আগে ৮ জুনের পর্ষদ সভার সিদ্ধান্তের আলোকে ২৯৩ কোটি ৬৩ লাখ টাকা মওকুফ চেয়ে সরকারের কাছে আবেদন করে ব্যাংক। এই সভায় ব্যাংক থেকে মওকুফ করা হয় ৮৯ কোটি ৩৮ লাখ টাকা। এর পর ১১ জুনের পর্ষদ সভায় আরও ১২৪ কোটি টাকা চাওয়া হয় সরকারের কাছে। এর বিপরীতে পর্ষদ মাফ করেছে ৩২ কোটি ৭ লাখ টাকা।

ঋণ মওকুফে কৃষি ব্যাংক কী ধরনের অনিয়ম করেছে, তা অনুসন্ধানের জন্য ব্যাংকটির ৩৩ হাজার ৪৭৯টি ঋণের তথ্য যাচাই করেছে সমকাল। এটি ব্যাংকটির মোট মওকুফের ৪ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে ৩৩ হাজার ৪৪৯টি ঋণ ব্যাংকটির ৯০৭তম পর্ষদ সভায় অনুমোদিত হয়েছে।

ব্যাংকের কয়েকজন কর্মকর্তা সমকালকে জানান, এসব ঋণ ছিল ৪১১টি শাখায়। এসব শাখায় এর আগেও ঋণ মওকুফ হয়েছে। অর্থ ছাড়ের আগে নিরীক্ষা হওয়ার সুযোগ না রাখায় খারাপ ঋণও মওকুফের আওতায় আনা হয়েছে। পুরোনো এমন ঋণও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের ব্যাংক কোনোভাবে খুঁজে পাচ্ছে না।

সবশেষ সভায় অনুমোদন হওয়া ঋণের মধ্যে ১৯৭৯ থেকে ১৯৯১ সালের মধ্যে সৃষ্টি হয়েছে ১১ হাজার ৪৪৬টি ঋণ রয়েছে। আর ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে সৃষ্টি ঋণ রয়েছে ৯ হাজার ৬০০টি। ২০০২ থেকে ২০১৮ সালের মধ্যে সৃষ্টি ঋণ ১১ হাজার ৭৭৪টি। বাকি ৬২৯টি ঋণ সৃষ্টি হয় ২০১৯ সালের পরে। 

এসব গ্রাহকের কাছে ব্যাংকের মোট পাওনা ছিল ৩৪ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা। মওকুফের আওতায় আনতে ৫ কোটি ৩৫ লাখ টাকার সুদ বাদ দিয়ে (আয় খাত বিকলন) প্রথমে প্রতিটি ঋণ নির্ধারিত সীমায় (মূল ঋণের দ্বিগুণ) নামানো হয়। এরপর সরকার থেকে ২৯ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকা নেয় কৃষি ব্যাংক। 

এসব ঋণের মধ্যে ফরিদপুর জিএম অফিসের অধীন ৯২টি শাখার ঋণ ছিল ১৪ হাজার ৯৪৯টি। টাকার অঙ্কে যা ১৫ কোটি ৩৮ লাখ। 

আড়াইহাজার শাখায় অনুসন্ধান

ওই পর্ষদ সভায় উত্থাপিত ঋণের বাইরে ১০টি শাখার আরও তিনটি করে মোট ৩০ ঋণের বিস্তারিত তথ্য যাচাই করে সমকাল। এর মধ্যে সরেজমিন ২০ জনের উল্লিখিত ঠিকানায় গিয়ে তাদের হদিস পাওয়া যায়নি। 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি ব্যাংকের শাখায় এক হাজার গ্রাহকের জন্য চার কোটি টাকার বেশি ঋণ মওকুফ সুবিধা নিয়েছে ব্যাংক। ঋণ মওকুফ হয়েছে– এমন আটজন গ্রাহকের তথ্য নিয়ে মাঠে নামেন এই প্রতিবেদক। 

এই গ্রাহকদের মধ্যে দিকলদির লাল মিয়ার ৪১ হাজার ৮৬৮ টাকা, নওয়াপাড়ার মফিজউদ্দিনের ৩৯ হাজার ৩৫২, লতিফপুরের রেহাজ উদ্দিন শিকদারের ২৯ হাজার ৯৮০, দাশপাড়ার মো. শিকদার মিয়ার ২৯ হাজার ৫১৮ ও ব্রাহ্মন্দীর বশিরউদ্দিনের ২৮ হাজার ৪২৯ টাকার ঋণে মওকুফ সুবিধায় নিয়েছে ব্যাংক। 

তালিকায় আড়াইহাজারের জালাল উদ্দিনের ২৯ হাজার ৮৯৮, তোতা মিয়ার ২৮ হাজার ৯৩৫ ও আব্দুল বারেকের ২৮ হাজার ৯১৯ টাকার ঋণও রয়েছে। 

জালাল উদ্দিন, সিদ্দিক মিয়া ও তোতা মিয়ার নামে ঋণ সৃষ্টি হয় ২০০২ সালে। রেহাজ উদ্দিন শিকদারের ১৯৯৫ সালে। বাকিদের ঋণ সৃষ্টি হয় ১৯৮৪ সালে।

ব্যাংকের নথিতে দেওয়া এসব গ্রাহকের ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরপর গত ২৯ সেপ্টেম্বর আড়াইহাজার শাখার ব্যবস্থাপক ফয়সাল আহমেদ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এক পর্যায়ে তিনি ব্যাংকের নথিতে নাম-ঠিকানা আছে, এ রকম অন্য ১০ জন গ্রাহকের তথ্য দেন। 

ব্যাংকের দেওয়া ঠিকানা ধরে গত ৫ অক্টোবর সরেজমিন যান এ প্রতিবেদক। তাদের বেলায়ও ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। এর মধ্যে আড়াইহাজারের কৃষ্ণপুরার সাতজন গ্রাহকের তথ্য দেয় ব্যাংক। তারা হলেন মৃত মফিজউদ্দিনের ছেলে মো. ইয়াজুদ্দিন, মৃত মো. আজিজের ছেলে মো. হাসান সালিম, মৃত আসরব আলীর ছেলে আফাসুদ্দিন, তেরাজউদ্দিনের ছেলে শাহজাহান, আবুল কাশেমের ছেলে রমিজ উদ্দিন, করিম আলীর ছেলে আবুল কাশেম ও লাল মিয়ার ছেলে সুরুজ মিয়া। 

বাকি তিনজন হলেন বিনাইর চরের মৃত মোহর আলীর ছেলে মেহেরাজ উদ্দিন, আব্দুল খালেকের ছেলে সোলাইমান ও রমজান আলীর ছেলে মোর্শেদ আলম। 

কৃষ্ণপুরা আড়াইহাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর বশির উদ্দিন আহম্মেদকে এসব ব্যক্তির নাম-ঠিকানা দেখিয়ে জানতে চাইলে তিনি কাউকে চেনেন না বলে জানান। ভালোভাবে খোঁজ নিয়ে জানানোর অনুরোধ করার পর তিনি আরও কয়েকজনের কাছে খোঁজ নিয়ে নিশ্চিত করেন, তাদের কেউ এখানকার বাসিন্দা নন। 

কৃষ্ণপুরা এলাকার বাঘনগর মোড়ে প্রায় দেড় যুগ ধরে চা বিক্রি করেন ৭০ বছরের বেশি বয়সী জসিমউদ্দিন মিয়া। স্থানীয় সব ধরনের মানুষের আনাগোনা তাঁর দোকানে। জসিমউদ্দিন মিয়ার কাছে তাদের পরিচয় উল্লেখ করে জানতে চাইলে তিনিও চেনেন না বলে জানান। 

ব্যাংকের দেওয়া ঠিকানার আশপাশের আরও কয়েকটি দোকানে গিয়ে খবর নিলেও কেউ তাদের একজনেরও সন্ধান দিতে পারেননি। কৃষ্ণপুরার বাসিন্দা শাহজাহান খান বলেন, ‘আমি আমার লোকজন ও মুরব্বিদের জিজ্ঞাসা করেছি, কেউ এদের চেনে না এবং কারও বাড়ি এখানে না।’

আড়াইহাজার শাখার ব্যবস্থাপক ফয়সাল আহমেদ ভূঁইয়া সমকালকে জানান, ঋণ মওকুফের সব প্রক্রিয়া আঞ্চলিক কার্যালয় ও প্রধান কার্যালয় থেকে সম্পন্ন হচ্ছে। তিনি এই শাখায় যোগ দিয়েছেন ২০২৫ সালে। এসব ঋণের বিষয়ে বিস্তারিত তাঁর জানা নেই। ফয়সাল আহমেদকে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে গত ৪ অক্টোবর যোগ দিয়েছেন কাজী মোহাম্মদ নজরে মঈন। এর আগে তিনি মাদারীপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। গত ৫ অক্টোবর তিনি সমকালকে বলেন, ‘নারায়ণগঞ্জের ঋণ মওকুফ বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তবে মাদারীপুর এলাকায় নদীভাঙনসহ নানা কারণে খুঁজে পাওয়া যায় না এ রকম অনেক গ্রাহক আছেন। তাদের অস্তিত্ব নেই তেমন না; তবে আগের ঠিকানায় তাদের পাওয়া যায় না।’ অবশ্য তিনি এও বলেন, কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়। এ ক্ষেত্রেও দু-একটা ভুল হতে পারে।

সখিপুর শাখা

টাঙ্গাইলের সখিপুরের রফিকুল ইসলামের ঋণ মওকুফের অনুমোদন হয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৯০৭তম সভায়। পর্ষদে উত্থাপিত তালিকায় রফিকুলের মূল ঋণ ১০ হাজার এবং সুদ ১০ হাজার টাকাসহ ২০ হাজার টাকা বকেয়া স্থিতি দেখানো হয়। অনারোপিত সুদ, সাসপেন্স হিসেবে রক্ষিত সুদ ও মামলার ঘরে ‘নেই’ উল্লেখ রয়েছে। 

সমকাল এই গ্রাহকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে ভিন্ন চিত্র পেয়েছে। প্রকৃতপক্ষে এই গ্রাহকের ঋণ স্থিতি ছিল এক লাখ ৫৪ হাজার ৪৩৯ টাকা। প্রস্তাবটি পর্ষদে তোলার আগে ঋণ কমিয়ে ২০ হাজার টাকায় নামানো হয়। এখন সরকারি সুবিধার আওতায় ঋণটি নিষ্পত্তি করতে এক লাখ ৩৪ হাজার টাকার আয় বিকলন তথা আয় খাতে নেওয়া অর্থ মাফ করা হয়েছে। 

সখিপুর শাখার আরেক গ্রাহক সালিম উদ্দিনের ঋণও একই উপায়ে নিষ্পত্তি করা হয়েছে। ২০০০ সালের ডিসেম্বরে তাঁর নেওয়া ১০ হাজার টাকার ঋণে সুদ আয় ২৯ হাজার ১৬৯ টাকা দেখানো হয়। এতে ঋণ স্থিতি উঠেছিল ৩৯ হাজার ১৬৯ টাকা। তবে পর্ষদে উত্থাপিত নথিতে সুদসহ ২০ হাজার টাকা স্থিতি দেখিয়ে মওকুফ করা হয়েছে। এভাবে গত ১৮ জুনের পর্ষদে সখিপুর শাখার মোট ১৫৫টি ঋণ মওকুফ হয়।

সখিপুর শাখার বর্তমান ব্যবস্থাপক ও ঋণ মওকুফের সময় ব্যবস্থাপকের দায়িত্বে থাকা কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। গত ১৩ আগস্ট শাখার বর্তমান ব্যবস্থাপক কামরুল ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে শুরুতে তিনি দাবি করেন, এ ধরনের কোনো অনিয়ম হয়নি। গ্রাহক রফিকুল ইসলামের বিভিন্ন তথ্য উল্লেখ করে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত জুলাই মাসে তিনি এই শাখায় যোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জানাবেন। পরদিন আবার কামরুল ইসলাম বলেন, ‘সুদসহ আসলে রফিকুল ইসলামের ঋণ স্থিতি ছিল ১৫ হাজার টাকার কিছু বেশি। কম্পিউটারে ভুল এন্ট্রির কারণে এক লাখ ৫৪ হাজার টাকা দেখানো হয়।

গত জুনে এই ঋণ মওকুফের সময় সখিপুর শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা এ এস এম বজলুর রশীদ সমকালকে বলেন, ঋণটি অনেক পুরোনো। এই গ্রাহক আসলে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তবে ভুলে এত বেশি ঋণ দেখানো হয়েছে।

কুতুবদিয়া শাখা

ব্যাংকের কক্সবাজারের কুতুবদিয়া শাখার জয়ন্ত কুমার দাশ ১৯৮৬ সালে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ঋণটি কয়েক দফা নবায়ন করে ৮৪ হাজার ৭৪ টাকা আয় খাতে স্থানান্তর দেখিয়ে সর্বশেষ স্থিতি দেখানো হয় ৯৪ হাজার ৭৩ টাকা। এখন ৭৪ হাজার ৭৩ টাকার আয় খাত থেকে বিকলন করে ২০ হাজার টাকা দেখিয়ে মওকুফ করা হয়েছে।

একই শাখার গ্রাহক আবু তালেব বহোদ্দরের ঋণও মওকুফ করা হয়। এই শাখার আবু তাহের, নূরুল বশর, মো. সোবহানের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়।

শাখা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শহীদ মিয়ার ১৯৮৪ সালে নেওয়া ৯ হাজার টাকা ও আব্দুল কাইয়ুমের ঋণও একই প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর শাখার নূরু মিয়া নামে একজন গ্রাহককে ২০১৬ সালে ১০ হাজার টাকা দেওয়া হয়। গত ডিসেম্বরে এই ঋণের স্থিতি দেখানো হয় ২৯ হাজার ৫৯ টাকা। ১৯ হাজার ৫৯ টাকা আয় খাতে নিয়েছিল কৃষি ব্যাংক। এখন ৯ হাজার ৫৯ টাকা আয় খাত বিকলন করে বাকি ২০ হাজার টাকা সরকার থেকে নিয়েছে ব্যাংক।

ব্যাংকের তথ্য অনুযায়ী, একইভাবে নোয়াখালীর বসুরহাট শাখার আলী আহমেদ, যশোর শাখার চিত্তরঞ্জন বখশি, বায়েজীদ হোসাইন, ঝিনাইদহের শৈলকুপা শাখার আব্দুল লতিফ বিশ্বাস এবং খুলনার ফুলতলা শাখার শেখ মহসিনের ঋণ মওকুফের আওতায় আসে। সুদাসলে এদের ঋণ অন্তত তিনগুণ ছিল।

ঋণ মওকুফে যুক্ত কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার শাখার সুচান্দ জালা দাশ, ডুলাহাজারা শাখার আহমদ হোসাইন, চট্টগ্রামের পটিয়া শাখার ইউসুফ নবীর ঋণের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এদের ঋণের স্থিতি ছিল মূল ঋণের তিন থেকে সাত গুণ।

ডিজিটাল ফুটপ্রিন্ট আড়াল করার চেষ্টা

অর্থ মন্ত্রণালয় থেকে গত ১৫ মার্চ কৃষিঋণ মওকুফের জন্য অর্থ ছাড় করা হয়। অর্থ ছাড়ের আদেশে কিছু শর্ত আরোপ করা হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ঋণ পর্যায়ক্রমে নিরীক্ষা করবে। নিরীক্ষা শেষ হওয়ার পর চূড়ান্ত হিসাব সরকারের কাছে পাঠাবে এবং তার ভিত্তিতে সরকার ব্যাংকগুলোকে অর্থ পরিশোধ করবে। এতে আরও বলা হয়, প্রকৃত দায়ের চেয়ে বেশি অর্থ নেওয়া হলে (প্রয়োজনে সরকার আরোপিত সুদসহ) তা ফেরত দিতে বাধ্য থাকবে ব্যাংক। কৃষি ব্যাংকের মওকুফ কার্যক্রমে এই নির্দেশনা উপেক্ষিত হয়েছে। 

কীভাবে সুদ মওকুফের আবেদন পাঠাতে হবে– কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আঞ্চলিক কার্যালয়গুলোয় এ বিষয়ে লিখিত নির্দেশনা পাঠানো হয়। তাতে ম্যানুয়ালি (কাগজে) আবেদন করতে বলা হয়। 

ব্যাংক সাধারণত কোর ব্যাংকিং সলিউশন বা সিবিএস সফটওয়্যারের মাধ্যমে এ ধরনের কাজ করে থাকে। তাতে তারিখ, আইডি, টাকার হিসাবের বিস্তারিত উল্লেখ থাকে এবং তা ব্যাংকের মূল সফটওয়ারে থেকে যায়। ম্যানুয়াল পদ্ধতিতে কাজটি করলে এর ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে না। চিহ্ন না রাখতে ম্যানুয়ালি সব কাজ করতে বলা হলেও সমকাল কিছু তথ্য পেয়েছে, যাতে ব্যাংকের আয় খাত বিকলন করার কথা বলা আছে। 

সমকালের অনুসন্ধানে পাওয়া তথ্য কোন পর্যায়ের অনিয়ম– জানতে চাইলে সাবেক একজন জ্যেষ্ঠ ব্যাংকার সমকালকে বলেন, এই অনুসন্ধানের মাধ্যমে বছরের পর বছর কৃষকদের ঋণের ওপর বাড়তি সুদ আরোপ করে হয়রানির মুখে ফেলার বিষয়টি পরিষ্কার হয়েছে। এর মাধ্যমে এতদিন চলে আসা অনিয়ম কৃষি ব্যাংক নিজেই স্বীকৃতি দিল। 

মওকুফ সুবিধা নিতে বিশেষ কমিটি

একাধিক শাখা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুর দিকে শাখা থেকে যথাযথ প্রস্তাব পাঠানো হয়েছিল। যতদিন গেছে তত অনিয়মের ঋণ মুছে ফেলার জন্য শাখার ওপর চাপ বাড়তে থাকে। তবে এসব ঋণ অনেক আগের হওয়ায় বর্তমান দায়িত্বে থাকা অনেক কর্মকর্তা তাতে রাজি হচ্ছিলেন না। এ অবস্থায় কৃষিঋণ মওকুফ সুবিধা দ্রুত কার্যকর করার জন্য গত ১৬ জুন উচ্চপর্যায় থেকে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে কৃষি ব্যাংক। ডিএমডি মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। 

কৃষি ব্যাংকের দাবি, অনিয়ম হয়নি

অনুসন্ধানে উঠে আসা তথ্য তুলে ধরে লিখিতভাবে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর বক্তব্য জানতে চায় সমকাল। জনসংযোগ বিভাগের মাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৩ সালের নির্দেশনা জারির পর থেকে যথাযথভাবে কৃষিঋণের সুদ হিসাব করা হয়। কৃষিঋণ দ্বিগুণ হওয়ার পর আর কোনো সুদ আরোপ করা হয় না। অস্তিত্বহীন কৃষিঋণের সুদ মওকুফেরও সুযোগ নেই। যথাযথভাবে সুদ মওকুফ করা হয়েছে।

ব্যাংক জানিয়েছে– ২০২১ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১ হাজার ৩৮টি শাখার সব অনলাইন সিস্টেমে স্থানান্তরিত হয়। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ-সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত নিয়মানুযায়ী যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের ঋণের সুদ মওকুফ করা যাবে না সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালন করার জন্য শাখাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি ঋণের হিসাব যাচাই করে শাখার সুপারিশ ও নিরীক্ষা কার্যালয়ের প্রত্যয়নসহ মাঠ কার্যালয় প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠায়। সুপারিশ সংবলিত প্রস্তাব সুদ মওকুফের জন্য পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়।

জবাবে বলা হয়েছে, কৃষিঋণের সুদ মওকুফ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো অনিয়ম হয়নি কিংবা এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কাগজপত্রবিহীন বা অস্তিত্বহীন কৃষিঋণের সুদ মওকুফের সুযোগ নেই। তবে কোনো অনিয়ম কিংবা অভিযোগ নজরে এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সরকারি সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক) নির্দেশনা অনুযায়ী, ঋণ মওকুফ কার্যক্রমে ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক উপকৃত হয়েছেন এবং তাদের নতুন ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। 

প্রয়োজনে বিশেষ নিরীক্ষা করবে বাংলাদেশ ব্যাংক

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন, ‘যে অভিযোগ শুনলাম তা তো গুরুতর। এটা জালিয়াতির পর্যায়ে পড়ে। বাংলাদেশ ব্যাংক পরিদর্শনের মাধ্যমে এসব খতিয়ে দেখবে। প্রয়োজনে কৃষি ব্যাংকের ওপর বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে এবং সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর