ঐক্যের প্রশ্নে প্রয়োজন ‘ছাড়’
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে সব পক্ষকেই ‘কিছুটা ছাড়’ দেওয়া উচিত। অবশ্য সরকারের দায়িত্ব বেশি। জাতীয় ঐক্য বজায় রাখার ক্ষেত্রে সরকারকে বেশি উদার হতে হবে। যতটুকু সম্ভব ছাড় দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোরও উচিত গণতন্ত্র রক্ষায় নাশকতা, নৈরাজ্য রুখতে সরকারকে সর্বোচ্চ ছাড় দিয়ে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গড়তে এগিয়ে আসা। এমনটি বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার না করলেও দলের নীতি ও আদর্শ, নির্বাচনি প্রতিশ্রুতি, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ ‘ছাড়’ দেবে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। তাঁরা বলছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। জাতীয় বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য বজায় রাখতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর যৌক্তিক দাবি পূরণে ইতিবাচক বিএনপি। তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও আইনসংশ্লিষ্ট দাবি পূরণের ব্যাপারে সংসদের আশ্রয় নেবে ক্ষমতাসীন দল। তা ছাড়া স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ দলটি। তবে সনদের যেসব দফায় নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেসব দফা বাস্তবায়নে তারা সম্মত নয়। অন্যদিকে জামায়াত ও এনসিপিও জাতীয় স্বার্থে সরকারকে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে। বিশেষ করে সরকার গণভোটের রায় ও সংস্কারের প্রতিশ্রুতি মেনে নিলে তারা সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ রুখবে বলে আভাস দিয়েছেন দলগুলোর নেতারা।
এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জাতি আজকে সার্বভৌমত্বে যে হুমকি মোকাবিলা করছে, তার জন্য তো অবশ্যই আমাদের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। দেশকে বাঁচানোর জন্য আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ যাতে দেশে আর না আসে তার জন্য এবং তাদের কাছ থেকে দেশকে রক্ষার জন্য অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে সরকার যে সংলাপের উদ্যোগ নিয়েছে এটা সঠিক ও সময়োপযোগী। এজন্য সরকারকে অভিনন্দন জানাই। আর জাতীয় এই বৃহত্তর ঐক্য বজায় রাখার ক্ষেত্রে যে ছাড় দেওয়া উচিত, সে সম্পর্কে বলব, জামায়াত এক কথা বলছে, এনসিপি আরেক কথা; সরকারি দলেরও একটা লক্ষ্য আছে। আমরা আশা করব, দেশের স্বার্থে তারা সংলাপে বসে আলাপ-আলোচনা করেই মীমাংসা করবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় বৃহত্তর স্বার্থে যেভাবেই হোক এ ঐক্যটা ধরে রাখতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘৫ জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে যে ঐক্যটা ছিল, সে ঐক্যটা যেভাবেই হোক না কেন ধরে রাখতে হবে। এ ঐক্যটাই হচ্ছে আমাদের মূলশক্তি। কাজেই এ ঐক্যটা ধরে রাখতে আমাদের সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে। এক জায়গায় সবাইকে একমত হতে হবে। এ এক জায়গায় একমত হওয়ার ডিটারমিনেশনটা ধারণ করে একমত হতে হবে। আলোচনার মধ্য দিয়েই সবকিছু বের করে আনতে হবে। সত্যিকার সেন্সেই সবাইকে এ ঐক্যের ব্যাপারে একমত হয়ে বৃহত্তর ঐক্য ধরে রাখতে হবে। এটা আগে থেকেই ধরে রাখলে আজকের এ সংকট সৃষ্টি হতো না। তা ছাড়া আমাদের মনে রাখতে হবে-আমাদের সামনে অনেক পথ বাকি আছে। আমাদের বহুদূর যেতে হবে। তাই শুধু সাময়িকভাবে নয়, পুরোটা সময়ই জাতীয় বৃহত্তর স্বার্থে এ ঐক্য বজায় রাখতে হবে। তবে সরকারি দল যেহেতু সরকারে আছে, সে ক্ষেত্রে তাদের দায়িত্বও বেশি। অন্যদের চেয়ে তাদেরই সবচেয়ে বেশি উদার হতে হবে। এটাই সবাই প্রত্যাশা করে।’
এসব বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের সামগ্রিক নীতিগত অবস্থান হলো তারা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যেকোনো সাংবিধানিক সংশোধন চূড়ান্তভাবে জাতীয় সংসদের মাধ্যমেই পাস হতে হবে।’ এ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থেই প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন। সবারই এ উদ্যোগকে স্বাগত জানানো উচিত।’
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং দেশের স্থিতিশীলতার স্বার্থে জামায়াত বর্তমান সরকারকে অস্থিতিশীল করবে না; বরং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট ভালো কাজে সরকারকে পূর্ণ সমর্থন ও ছাড় দেবে।’ তিনি বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে আগের (জুলাই অভ্যুত্থানের) ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেব। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করব। কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। তবে কেউ দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। সরকার গণভোটের রায় ও সংস্কারের প্রতিশ্রুতি মেনে নিলেই জামায়াত সর্বশক্তি দিয়ে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ রুখবে।’
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় সরকারের পাশে থাকতে এনসিপি প্রস্তুত। তবে মৌলিক সংস্কার ও বিচারের প্রশ্নে এনসিপি সরকারকে কোনো ছাড় দিতে রাজি নয়। বিশেষ করে সরকারের গঠিত “একদলীয় সংবিধান সংশোধন কমিটি” অবিলম্বে বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়নের স্পষ্ট অঙ্গীকার করতে হবে। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায়ে কোনো আপস না করা। অর্থাৎ সরকার যদি সংস্কারের এ দাবিগুলো মেনে নেয়, তবেই এনসিপি সরকারের সঙ্গে মিলে ফ্যাসিবাদবিরোধী দীর্ঘমেয়াদি ঐক্যে থাকবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা ‘জাতীয় ঐক্যের’ সংলাপ ঘিরে দেশের রাজনীতিতে নতুন মেরূকরণ তৈরি হয়েছে। এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর ৪০ মিনিটের বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হয়। সরকার ‘বিদ্যমান ঐক্য সুসংহত করার’ আহ্বান জানালেও এনসিপি ও জামায়াত ‘গণভোটের রায়’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের শর্ত জুড়ে দিয়েছে। এ বিষয়ে সরকারের সামগ্রিক নীতিগত অবস্থান হলো তারা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেকোনো সাংবিধানিক সংশোধন চূড়ান্তভাবে জাতীয় সংসদের মাধ্যমেই পাস হতে হবে।
অবশ্য নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই স্পষ্ট করেছেন যে নতুন করে ঐক্য গড়ার কিছু নেই। বরং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বিদ্যমান ঐক্যকে সুসংহত করতে হবে। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও এনসিপি নেতাদের আশ্বস্ত করেছেন তিনি।
এনসিপি নেতারা তাঁদের প্রস্তাব ও শর্ত তুলে ধরে বৈঠকে জানিয়েছেন, ঐক্যের উদ্যোগ কেবল সাময়িক বা ডিসেম্বরকেন্দ্রিক হলে চলবে না। তাঁরা আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চেয়েছেন এবং ভারত থেকে চালানো বাংলাদেশবিরোধী গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এদিকে জানা গেছে, এনসিপির পর ধারাবাহিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিদেশ সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফিরলে ২৭ বা ২৮ নভেম্বর তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরোধী শিবিরের প্রধান দুই শক্তি এনসিপি ও জামায়াত সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও ঐক্যের জন্য সুনির্দিষ্ট শর্ত দিয়েছে।
ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে বর্তমান একদলীয় ‘সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদের’ নতুন করে শপথ গ্রহণ করতে বলছে এনসিপি। এ ছাড়া গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন (তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও বিচার বিভাগের স্বাধীনতা), জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের অঙ্গীকার চেয়েছে দলটি।
অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো টেকসই ঐক্য তৈরি হবে না।’
এনসিপি ও জামায়াতের দাবি সম্পর্কে বিএনপি যা করতে চায় : সরকারি ও বিএনপির নীতিনির্ধারক সূত্রগুলোর তথ্যমতে, বিএনপি নেতৃত্বাধীন সরকার সব দাবি একবাক্যে মেনে নেবে না। বরং দলটি ‘নির্বাচনি প্রতিশ্রুতি ও সাংবিধানিক প্রক্রিয়া’ অনুযায়ী এগোতে চায়।
যেসব দাবি মানতে রাজি বিএনপি তার মধ্যে রয়েছে : নাশকতা দমনে কঠোর অবস্থান, জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা, ভারতীয় অপতথ্য মোকাবিলা এবং আসন্ন স্থানীয় নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে সরকার ইতিবাচক। অন্যদিকে বিএনপি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’-এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এটি শুরু থেকেই অকার্যকর বলে মনে করে। তাই সংসদকে পাশ কাটিয়ে বা সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে আলাদা ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ নেওয়ার দাবি মানা বিএনপির পক্ষে সম্ভব নয়। জাতীয় ঐক্য এবং সংস্কার ইস্যুতে বিএনপি ও সরকারের শীর্ষ নেতাদের বক্তব্যে দলটির অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির সঙ্গে বৈঠকে পরিষ্কার বলেছেন, নতুন করে ঐক্য হওয়ার কিছু নেই, বিদ্যমান ঐক্য সুসংহত করার চেষ্টা চলছে। এর আগে এক বক্তব্যে তিনি সতর্ক করে বলেছিলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।’
- নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে আগেভাগেই ছড়াচ্ছে ফ্লু, টিকাদান নিয়ে নীরব কর্তৃপক্ষ
- রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ
- ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
- খুলনায় ৯ ঘণ্টায় পাঁচ স্থানে গুলি, ঘের ব্যবসায়ী আ.লীগ নেতা নিহত
- জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা
- ঐক্যের প্রশ্নে প্রয়োজন ‘ছাড়’
- রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো
- এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প
- বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব
- এনভিডিয়ায় জেনসেন ফেরায় বাজার চাঙা, ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
- হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
- যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
