লাতিন আমেরিকায় নীরবে সংকুচিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রোববার
লাতিন আমেরিকাজুড়ে সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাংবাদিকদের ওপর প্রাণঘাতী হামলার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ, অনলাইন হয়রানি এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমে স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। এতে শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতাই নয়, পুরো অঞ্চলের গণতান্ত্রিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে লেখক ক্যারোলিনা লোজা লিওন এ চিত্র তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, চলতি মাসের শুরুতে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় শহর কালসেতায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হন সাংবাদিক তোমাস বেলত্রান। স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যম পরিচালনা করতেন তিনি। কয়েক মাস ধরে প্রাণনাশের হুমকি পাওয়ার পর সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও সরকারি সুরক্ষা বন্ধ হয়ে গেলে তাকে আর রক্ষা করা যায়নি।
ইকুয়েডরে চলতি বছর এ নিয়ে অন্তত দ্বিতীয় গণমাধ্যমকর্মী নিহত হলেন। ২০২৫ সালে দেশটিতে ছয়জন সাংবাদিক হত্যার শিকার হন। আর পুরো লাতিন আমেরিকায় গত বছর নিহত হন অন্তত ২৩ জন সাংবাদিক।
লেখকের মতে, সাংবাদিকদের ওপর চাপ শুধু অপরাধী চক্র বা সশস্ত্র গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নয়; অনেক ক্ষেত্রে সরকারও তাদের ভয়ভীতি দেখানো ও হয়রানিতে জড়িত।
ইকুয়েডরের সাংবাদিক গিসেলা বায়োনা প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার সমালোচনামূলক মন্তব্যের পর তার পরিবারের বিরুদ্ধে অনলাইন হয়রানি শুরু হলে পেশা ছাড়ার ঘোষণা দেন।
একইভাবে সরকারি চাপের কারণে বিজ্ঞাপনদাতারা সরে যাওয়ায় সংবাদপত্র ‘এক্সপ্রেসো’র সাংবাদিক রবার্তো আগুইলারকেও চাকরি ছাড়তে হয়। পত্রিকাটি ৫৩ বছরের প্রকাশনা শেষে গত ৮ অক্টোবর ছাপা সংস্করণ বন্ধ করে।
ইকুয়েডরের গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা ফান্ডামেদিওসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর গড়ে ১০০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। লাতিন আমেরিকার আঞ্চলিক সংগঠন ভোসেস দেল সুরের হিসাবে, ২০২৫ সালে অঞ্চলজুড়ে সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে চাপ ও সহিংসতার ২ হাজার ৪৮০টির বেশি ঘটনা ঘটে।
নিকারাগুয়ায় সাংবাদিকতাকে অপরাধ হিসেবে বিবেচনা এবং এল সালভাদরে জরুরি অবস্থার নামে নজরদারি ও আর্থিক চাপ স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করছে। বিজ্ঞাপন বন্ধের চাপ, অপতথ্য ছড়ানো এবং অনলাইন হয়রানিও সংবাদমাধ্যমকে দুর্বল করছে।
লেখকের মতে, লাতিন আমেরিকার ৩৫টি দেশের মধ্যে ১৬টিতে নাগরিক পরিসর বাধাগ্রস্ত, দমনমূলক বা বন্ধ অবস্থায় রয়েছে। লাতিনোবারোমেত্রোর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অঞ্চলটির ৫২ শতাংশ মানুষ মনে করেন, কোনও অগণতান্ত্রিক সরকার সমস্যার সমাধান করতে পারলে তা মেনে নেওয়া যেতে পারে।
লিওনের সতর্কবার্তা, সাংবাদিকদের নীরব করে দেওয়া মানে জনগণের জানার অধিকার ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার পথ বন্ধ করে দেওয়া। সূত্র: আল-জাজিরা
