যুক্তরাষ্ট্রে ভূমিকম্পে এক দোকানেই ভাঙল ৫৬ লাখ টাকার মদের বোতল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রোববার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় শনিবার ভূমিকম্প অনুভূত হয়। এতে লস অ্যাঞ্জেলেসের একটি মদের দোকানে প্রায় ৪৫ হাজার ডলারের (প্রায় ৫৬ লাখ টাকা) ক্ষতি হয়েছে। কম্পনে বোতলগুলো মেঝেতে পড়ে ভেঙে যায়।
ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক শূন্য। স্থানীয়রা পরাঘাতও (আফটারশক) অনুভব করেন। অন্তত ৪০ বার পরাঘাতের খবর পাওয়া গেছে। এ সময় মদের দোকানটির তাক থেকে বোতলগুলো মেঝেতে পড়ে যায়।
বোকাতোস গ্রোসারিজ নামের ওই দোকানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিক্রয় প্রতিনিধি জে হেরন বিবিসিকে বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে আমরা দুবার ক্ষতির মুখে পড়েছি।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূলের অদূরে ভূমিকম্পটি আঘাত হানে। যা লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দোকানপাট ও বাড়িঘরে অনুভূত হয়।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দেখতে স্থানীয় ফায়ার স্টেশনগুলো থেকে কর্মীদের মাঠে নামানো হয়েছিল। পরে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, কেউ আহত বা অবকাঠামোর ক্ষতি হয়নি।
তবে জে হেরনের হিসাব অনুযায়ী, বোকাতোস গ্রোসারিজে ৪৫ হাজার থেকে ৫০ হাজার ডলারের মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা সেগুলো পরিষ্কারের কাজ করছেন।
ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে তাক থেকে পণ্য পড়ে যাওয়া ঠেকাতে সাধারণত তারের বেষ্টনী ব্যবহার করা হয়। কিন্তু এই দোকানের তাকগুলোতে তেমন কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না। এ কারণে ওয়াইন ও মদের বোতলগুলো মেঝেতে পড়ে যায়।
ক্যালিফোর্নিয়ায় ছোটখাটো ভূমিকম্প হওয়া স্বাভাবিক ঘটনা। তবে এক দশকের বেশি সময় পর এলাকাটিতে এত বড় মাত্রার কম্পন অনুভূত হলো। কয়েক ডজন পরাঘাতের ঘটনাও এখানে বিরল।
