পাবলিক স্কুলসহ ১১ সিটি এজেন্সিতে হালাল খাবার নিশ্চিতের আদেশ
আজকাল রিােপর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২২ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
নিউইয়র্ক সিটির ১১টি গভর্নমেন্ট এজেন্সি ও তাদের পরিচালিত বিভিন্ন খাদ্য কর্মসূচিতে প্রতিবছর ২২০ মিলিয়নের বেশি খাবার ও স্ন্যাকস পরিবেশন করা হয়। এসব কর্মসূচির আওতায় পাবলিক স্কুলের শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক, শিশু পরিচর্যা কেন্দ্র, আশ্রয়কেন্দ্র ও সংশোধনাগারে থাকা ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণির মানুষ খাবার পান। তাদের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবারের প্রাপ্যতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি।
গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত এক্সিকিউটিভ অর্ডার ২৫-এর মাধ্যমে সিটির পরিচালিত সংস্থাগুলোর জন্য হালাল ও কোশার খাবার সরবরাহ, মান যাচাই, সার্টিফিকেশন ও লেবেলিংয়ের অভিন্ন নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। আগামী এক বছরের মধ্যে এই নির্দেশিকা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা অনেক নিউইয়র্কবাসীর জন্য সরকারি খাদ্য কর্মসূচিগুলো দৈনন্দিন পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে বিভিন্ন সংস্থায় অনুরোধের ভিত্তিতে হালাল ও কোশার খাবারের ব্যবস্থা করা হলেও সব কর্মসূচিতে একই ধরনের নীতিমালা অনুসরণ করা হয় না। নতুন নির্দেশিকার মাধ্যমে এ ব্যবস্থায় সমন্বয় আনা এবং ধর্মীয় খাদ্যবিধি অনুসরণকারী মানুষের জন্য খাবারের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
নির্বাহী আদেশ অনুযায়ী, মেয়রের অফিস অব ফুড পলিসি (এমওএফপি) আগামী এক বছরের মধ্যে ‘সিটি এজেন্সি ফুড গাইডেন্স ফর নিউইয়র্কার্স হু অবজার্ভ ডায়েটারি রেস্ট্রিকশনস’ শীর্ষক নির্দেশিকা তৈরি করবে। এতে হালাল ও কোশার খাবারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় খাদ্যবিধি অনুসরণকারী নিউইয়র্কবাসীর চাহিদা পূরণে সরকারি সংস্থাগুলোর করণীয় নির্ধারণ করা হবে।
নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে হালাল ও কোশার খাবারের তৃতীয় পক্ষের সার্টিফিকেশনের জন্য অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা। খাবারের প্যাকেট, উপাদানের তালিকা এবং পরিবেশনের স্থানে হালাল ও কোশার পরিচিতি স্পষ্টভাবে উল্লেখ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এতে খাবার ধর্মীয় বিধান অনুযায়ী প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে কি না, তা সহজে বুঝতে পারবেন সুবিধাভোগীরা।
মেয়র মামদানি বলেন, সিটি গভর্নমেন্ট যে খাবার পরিবেশন করে, তাতে এই শহরের মানুষের বৈচিত্রের প্রতিফলন থাকা উচিত। ধর্মীয় বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে কোনো নিউইয়র্কবাসীকে পুষ্টিকর খাবার ফিরিয়ে দিতে বা ক্ষুধার্ত থাকতে হওয়া উচিত নয়। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করার ক্ষেত্রে তাদের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যসংক্রান্ত বিধিনিষেধের প্রতি সম্মান দেখানো জরুরি।
