কবি জহিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঢাকায়
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৭ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
নিউইয়র্ক প্রবাসী কবি কাজী জহিরুল ইসলামের কবিতা নিয়ে ‘কাছের মানুষ দূরের গল্প’ শীর্ষক আলোচনা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন ২০ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রকাশনা সংস্থা জলধি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, গবেষক ও অন্তর্বর্তীকালীন সরকারের মূখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী। আলোচনা করেন কবি আতাহার খান, ড. মাহবুব হাসান, মুজতাহিদ ফারুকী, জাকির আবু জাফর, নাহিদা আশরাফী, আবিদ আজম, আশিক মুস্তফা, সফিক ইসলাম, মুজিবর রহমান বকুল, শেখ শোয়াইব, মোক্তার আরেফিন, নাবিল নিশাত প্রমূখ। কবি কাজী জহিরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, তাহসিন রেজা, অনন্যা মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, ফয়জুন নাহার, সাঈদা আজিজ চৌধুরী, রোকন রেহান, সুলতানা রাজিয়া প্রমূখ।
কবি কাজী জহিরুল ইসলাম জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে সংস্থাটির সদর দফতর নিউইয়র্কে কর্মরত থাকায় তাকে প্রবাস জীবন যাপন করতে হয়।
অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের মাসের উত্তাল দিনগুলোতে কাজী জহিরুল ইসলামের সাহসী ভূমিকার প্রশংসা করেন। 'শহীদ আবু সাঈদ', 'শহীদ মুগ্ধকে লেখা চিঠি', 'সাজোয়া থেকে গড়িয়ে পড়া শহীদ ইয়ামীনের দেহ' প্রভৃতি কবিতার কথা ঘুরে ফিরেই আসে। কবি আতাহার খান তার ছন্দজ্ঞানের প্রসংসা করে বলেন, এই সময়ের অন্যতম প্রধান বাঙালি কবি কাজী জহিরুল ইসলামের ছন্দশুদ্ধতা আমাকে মুগ্ধ করে। কবি জাকির আবু জাফর তার বিচরণশীলতা এবং গণমানুষের পক্ষে দাঁড়ানোর দৃঢ় এবং আপোষহীন মনোবলের প্রশংসা করেন। জুলাইয়ের অন্যতম প্রধান কবি হিসেবে কাজী জহিরুল ইসলামকে শনাক্ত করেন জুলাইযোদ্ধা সাংবাদিক ও ছড়াকার আবিদ আজম। কবি কাজী জহিরুল ইসলাম বলেন, কবিকে মানুষের কথা বলতে হয়, প্রয়োজনে শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়, আমি আমার এই দায়িত্ব আজীবন পালন করে যেতে চাই।
অনুষ্ঠানে প্রকাশনা সংস্থা জলধি কর্তৃক প্রকাশিত কবির নতুন দুটি গ্রন্থ ‘দোতলার সিঁড়ি ঢলে পড়ে আছে ঘুমে’ এবং ‘আতাহার খানের প্যান্ডোরা বক্স’ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগীত শিল্পী আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে কবিকে ঘিরে ভক্তদের অটোগ্রাফ সংগ্রহ, ফটোসেশন এবং আড্ডা চলে।
