শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিকাগোতে বেগম খালেদা জিয়া’র নামে রাস্তা উদ্বোধন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৪ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার


 
শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের পাদদেশে তুমুল করতালি ও উৎসবমুখর পরিবেশে  ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কের উদ্বোধন হলো। ২২ নভেম্বর দুপুরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামকরণের শুভ উদ্বোধন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস  মিনিস্টার গোলাম মোর্তুজা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। ২৩ সেপ্টেম্বর সিটি অব শিকাগো সর্বসম্মতিক্রমে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাস্তার নাম করনের সিদ্ধান্ত নেয়। তা ১৪ অক্টোবর অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়। রাস্তাটির পূর্ব নাম ছিল আপার ওয়াকার ড্রাইভ।  

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তার রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা।
স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কারাবরণ করেছেন। কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।
তিনি তার জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন-ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। আর সেই কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
শিকাগোর মতো বিশ্বখ্যাত নগরীর বুকে তার নামে সড়কের নামকরণ শুধু একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।

বৃহত্তর সিলেটের হবিগঞ্জের সন্তান শাহ মোজাম্মেল নান্টু আজকাল প্রতিনিধিকে বলেন, ম্যাডাম জিয়া মারা যাবার পরই ‘মাদার অব ডেমোক্র্যাসি’ বেগম খালেদা জিয়ার নামে শহরে একটি রাস্তার নামকরণের জন্য সিটির কাছে আবেদন করেছিলাম। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসলে তা তাকে অবহিত করি। রোববার তা উদ্বোধন হলো।
উল্লেখ্য শাহ মোজাম্মেল নান্টু ২০২৬ এর নির্বাচনে হবিগঞ্জ ১ থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে রেজা কিবরিয়াকে দল মনোনয়ন দিলে তিনি প্রার্থীতা প্রত্যহার করে নেন। 
শিকাগোতে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণের খবরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং  অঙ্গ সংগঠনের নেতারা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক বদিউল আলম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাইদ আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও জ্যেষ্ঠ সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও সদস্যসচিব জাহাঙ্গীর শহিদ সরওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন।