নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের নজরুল
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২২ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের (আইস পুলিশ) হাতে আটক হলেন সিলেটের নজরুল ইসলাম। নজরুল গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিমানে করে এক বন্ধুর সাথে নিউইয়র্ক থেকে মিশিগানে যাচ্ছিলেন। জেএফকেতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার স্ট্যাটাস দেখতে গিয়ে আটক করে ফেলে। তাকে গ্রেফতার করে প্রথমে নিউজার্সি আইস ডিটেনশন সেন্টারে নেয়া হয়। এরপর নিউইয়র্কের বাফেলোতে আইস ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। গত ৫ বছর ধরে নিউইয়র্কে বাস করেন। তার এসাইলাম কেস পেন্ডিং রয়েছে। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন। তিনি একাই নিউইয়র্কে বসবাস করেন। তার পরিবার রয়েছে বিয়ানীবাজারে। তার গ্রেফতারের ঘটনায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি এগিয়ে এসেছে। সংগঠনটি সাধারন সম্পাদক রেজাউল আলম অপু আগামীর সময়কে বলেন, নজরুলের জামিনের ব্যবস্থার জন্য এটর্নিদের সাথে যোগাযোগ করছি। তার আত্মীয়স্বজনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। বিমানে মিশিগানে যাবার পথে তার এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে এটর্নি মইন চৌধুরী আগামীর সময়কে বলেন, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের কোনভাবেই বিমানে যাতায়াত করা উচিৎ নয়। এমন একটি ঘটনার মাশুল দিতে হলো নজরুল ইসলামকে। যাদের এসাইলামের আবেদন পেন্ডিং কিংবা কোর্টে আছে তাদেরকে অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে।
বাফোলোতে বাস করেন বাংলাদেশি সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি প্রতিবেদককে বলেন, বাফেলো ডিটেনশন সেন্টারে প্রায় ৫০ জন বাংলাদেশি আটক রয়েছেন। এরমধ্যে গত ৩ মাসে ১২ জনকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপোর্ট করেছে।
