শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ‘ইবিটি’, ‘ফুড স্ট্যাম্প’ বা ‘স্ন্যাপ’ নামে পরিচিত কর্মসূচি থেকে আগামী ৫ বছরের মধ্যে আরও প্রায় ৪৫ বিলিয়ন ডলার কাঁটছাঁট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত পরিবর্তনে ২০২৯ সালের মধ্যে ৩২ লাখ পরিবারের ৬৩ লাখ মানুষ পরিমিত খাদ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হবে।
সরকার প্রতিবছর ‘স্ন্যাপ’ খাত থেকে অর্থবরাদ্দ হ্রাস করবে এবং ২০৩১ সালের মধ্যে হ্রাসের পরিমাণ দাঁড়াবে ৪৪.৬৪ বিলিয়ন ডলার। অর্থ্যাৎ বর্তমানে যত আমেরিকান ‘স্ন্যাপ’ সুবিধা পাচ্ছেন, তা থেকে ১৭.৬% মানুষ এ সুবিধা হারাতে পারেন। উল্লেখ্য, ১৯৩৯ সালে এই কর্মসূচি চালু করেছিল। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় প্রায় ৫০ লাখ লোককে এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ট্রাম্প প্রশাসন স্টেটগুলোকে জানিয়েছে যে, যারা অন্য সহায়তা কর্মসূচির জন্য যোগ্য, তাদের জন্য ‘স্ন্যাপ’ সুবিধা সীমিত করা হবে।
ইউএসব ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের একজন মুখপাত্র বলেছেন, ‘ব্রড-বেসড ক্যাটেগরিকাল এলিজিবিলিটি’ বহু দশক ধরে কল্যাণ সূচক বৃদ্ধি করেছে। যারা আয় এবং সম্পত্তির হিসাবে ফেডারেল দারিদ্রসীমার অনেক উপরে রয়েছে, তাদের অনেকে ‘স্ন্যাপ’ সুবিধা গ্রহণ করছেন। অথচ এ কর্মসূচি সর্বাধিক দরিদ্রদের জন্য নির্ধারিত। এর ফাঁকফোকর আরও আগে ঠিক করা উচিত ছিল, বর্তমান প্রশাসন তা করার উদ্যোগ নিয়েছে।’