শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৬ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


 
টানা তিন দিন ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের পর গত   সোমবার যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের নজিরবিহীন উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার বিকেলে জারি করা ওই নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের আকাশসীমাজুড়ে একযোগে বিমান চলাচল বন্ধের দ্বিতীয় ঘটনা। ব্যস্ততম মার্কিন আকাশসীমায় এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরই এমন নির্দেশ দেওয়া হয়েছিল। এবার যোগাযোগ সরঞ্জামের ত্রুটিপূর্ণ আধুনিকায়ন কাজকে এ বিপর্যয়ের জন্য দায়ী করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত সোমবারের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ৫৫টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, দেশটিতে আসা এবং দেশটি থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট রয়েছে। অথচ রোববারই বাতিল হয়েছিল ১ হাজার ৯৬০টির বেশি ফ্লাইট। ফলে সোমবারের পরিস্থিতিতে বড় ধরনের উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, যেখানে প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে দেশটির গর্বের শেষ নেই, সেখানে কীভাবে এমন ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় বিমানযাত্রীদের উদ্বেগ কমানোর চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন।
সপ্তাহজুড়ে সৃষ্ট এই বিপর্যয়ের মধ্যে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অনেককে লাগেজ নিয়ে এদিক-ওদিক ঘুরতে দেখা গেছে। অনেকে ফ্লাইটের নতুন সময়সূচির অপেক্ষায় বিমানবন্দরের মেঝেতে বসে বা শুয়ে সময় কাটিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার যোগাযোগের কেবল আধুনিকায়নের কাজ করতে গিয়ে ত্রুটির সৃষ্টি হয়। আর সেই ত্রুটির কারণেই বড় ধরনের বিপর্যয় ঘটে। রোববার পর্যন্ত এ বিষয়ে নীরব থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে মুখ খুলেছেন। তবে বিমান চলাচলে বিপর্যয়ের জন্য তিনি নিজের পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেছেন। ট্রাম্পের দাবি, বাইডেন প্রশাসনের কাছ থেকে তিনি একটি বিশৃঙ্খল ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।