শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানি হামলার মুখে মার্কিন সেনাদের সুরক্ষায় মধ্যপ্রাচ্যজুড়ে বাঙ্কার নির্মাণের তোড়জোড় চালাচ্ছে।

শুক্রবার ১৩ নভেম্বর প্রকাশিত একটি সরকারি ক্রয় বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরায়েল, সৌদি আরব ও লেবাননে ১৭টি শক্তিশালী কংক্রিটের বাঙ্কার নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন ও জোট বাহিনীর সদস্যদের রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলো। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলায় অন্তত ২৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান। গত পাঁচ দিনে এটি ছিল ওই ঘাঁটিতে তাদের তৃতীয় হামলা। উপসাগরীয় অঞ্চলে দুই মাস বিরতির পর বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে আসা ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে।


মার্কিন সেনাবাহিনী ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাঙ্কার নির্মাণের পরিকল্পনা করেছে। এগুলো শিপিং কন্টেইনার দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর জায়গা নেবে।


বিজ্ঞপ্তিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, আঞ্চলিক পর্যায়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায়, কর্মীদের সুরক্ষার জন্য ব্যবহৃত আশ্রয়কেন্দ্রগুলো (যেমন-রূপান্তরিত শিপিং কন্টেইনার) দ্রুত সরিয়ে ফেলা প্রয়োজন। এর পরিবর্তে মানসম্মত, আগে থেকে তৈরি (প্রিকাস্ট) এবং শক্তিশালী কংক্রিটের বাঙ্কার স্থাপন করা এখন অত্যন্ত জরুরি ও অগ্রাধিকারমূলক বিষয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো ইউ.এস. সেন্ট্রাল কমান্ড এর দায়িত্বাধীন এলাকায়, বিভিন্ন দেশে সম্ভাব্য বৈরী পরিবেশে কর্মরত মার্কিন ও জোটভুক্ত সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা।

সস্তা ড্রোন হামলার মুখে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হিমশিম খাচ্ছে; পেন্টাগন ড্রোন খাতে বিনিয়োগ ২২৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। পারস্য উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেডি ভ্যান্স বলেছেন, আমেরিকানদের আতঙ্কিত হয়ে পণ্য মজুত করার প্রয়োজন নেই। তবে পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের মিত্ররা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭টি বাঙ্কার পাঁচটি সামরিক স্থাপনায় নির্মাণ করা হবে-যার একটি থাকবে ইসরায়েলে এবং দুটি করে থাকবে সৌদি আরব ও লেবাননে।

নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী এই স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান গোপন রেখেছে। জানানো হয়েছে, আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের পর কেবল যোগ্য ঠিকাদারদেরই এই স্থানগুলোর নাম ও স্থানাঙ্ক (কোঅর্ডিনেট) জানানো হবে। প্রতিটি বাঙ্কারে থাকবে তিনটি প্রি-কাস্ট রিইনফোর্সড কংক্রিট (প্রস্তুতকৃত কংক্রিট কাঠামো) অংশ, কংক্রিটের আড়ালযুক্ত ইস্পাতের প্রবেশদ্বার এবং বালির বস্তা দিয়ে শক্তিশালী করা বাইরের দেয়াল।

আক্রমণ থেকে সুরক্ষার জন্য প্রতিটি বাঙ্কারের ছাদ অন্তত ১৮ ইঞ্চি পুরু বালির বস্তার স্তর দিয়ে ঢেকে দেওয়া হবে। (তথ্যসূত্র-ফক্স নিউজ)