সোমবার   ১৬ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ২ ১৪৩৩   ০৫ জমাদিউস সানি ১৪৪৮

মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের পক্ষে জনসমর্থন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ১৯৭১ সালের পর এই প্রথম দেশটিতে মৃত্যুদণ্ডের পক্ষে সমর্থন সংখ্যাগরিষ্ঠের নিচে নামল। সম্প্রতি প্রকাশিত গ্যালাপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাথলিক সংবাদমাধ্যম ইডব্লিউটিএন নিউজ এ খবর প্রকাশ করেছে।

জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ মার্কিন নাগরিক মৃত্যুদণ্ডের পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে রয়েছেন ৪৫ শতাংশ। আর ৫ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি। গত ১ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ১ হাজার ২০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর জরিপটি চালানো হয়। এতে ভুলের সীমা ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান হলো গ্যালাপ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের পক্ষে জনসমর্থন ছিল ৮০ শতাংশ। এরপর থেকে তা ধারাবাহিকভাবে কমেছে। ২০২৬ সালে এসে সেই সমর্থন নেমে দাঁড়িয়েছে ৪৯ শতাংশে।

রাজনৈতিক দলভেদেও মৃত্যুদণ্ডের পক্ষে সমর্থন কমেছে। ১৯৯৪ সালে ডেমোক্র্যাটদের মধ্যে ৭৫ শতাংশ, স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৭৯ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৮৪ শতাংশ মৃত্যুদণ্ড সমর্থন করতেন। ২০২৬ সালে এই হার কমে ডেমোক্র্যাটদের মধ্যে ২৮ শতাংশ, স্বতন্ত্রদের মধ্যে ৫০ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৭৩ শতাংশে দাঁড়িয়েছে।

ক্যাথলিক মোবিলাইজিং নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ক্রিসান ভেইলানকোর্ট মারফি বলেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের সমর্থকদের মধ্যেই মৃত্যুদণ্ডের পক্ষে জনসমর্থন কমে আসা উৎসাহজনক। তার মতে, মৃত্যুদণ্ড অপরাধ ঠেকাতে পারে না, এমনকি ভুক্তভোগীদের পরিবারকেও মানসিক স্বস্তি দেয় না—এমন উপলব্ধি মানুষের মধ্যে বাড়ছে।

বয়সভেদেও মৃত্যুদণ্ডের পক্ষে মতের পার্থক্য দেখা গেছে। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৩৯ শতাংশ মৃত্যুদণ্ড সমর্থন করেন। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৪৯ শতাংশ। ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ৫৪ শতাংশ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন।

তবে মৃত্যুদণ্ড নিয়ে অন্য একটি জরিপে ভিন্ন চিত্র পাওয়া গেছে। গত জুলাইয়ে পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে ৬৬ শতাংশ মার্কিন নাগরিক। ক্যাথলিকদের মধ্যেও এ হার ৬৫ শতাংশ। গ্যালাপের জরিপে ধর্মভিত্তিক মতামত আলাদা করে প্রকাশ করা হয়নি।

সূত্র: ইডব্লিউটিএন নিউজ (গ্যালাপ ও পিউ রিসার্চ সেন্টারের জরিপ)