অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউটি অবসরভাতা গ্রহণের পাশাপাশি কাজ করছেন এমন ব্যক্তিদের জন্য ২০২৭ সালে বার্ষিক আয়ের সীমা বাড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, পূর্ণ অবসর বয়সে পৌঁছানোর আগে অর্থাৎ ৬২ থাকে ৬৬ বছর বয়সী অবসরভাতা গ্রহণকারীরা বছরে ২৫ হাজার ৫৬০ ডলার পর্যন্ত আয় করলেও তাদের মাসিক সোশ্যাল সিকিউরিটি সুবিধা থেকে কোনো অর্থ কাটা হবে না। নির্ধারিত সীমার বেশি আয় করলে অতিরিক্ত প্রতি ২ ডলারের জন্য ১ ডলার করে অবসরভাতা আটকে রাখা হবে।
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) ঘোষণা অনুযায়ী, নতুন আয়ের সীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে এই সীমা বছরে ২৪ হাজার ৪৮০ ডলার। অর্থাৎ আগামী বছর কর্মরত অবসরভোগীদের জন্য করণীয় আয়ের সুযোগ বাড়ছে। তবে যারা ২০২৭ সালে পূর্ণ অবসর বয়সে পৌঁছাবেন, তাদের জন্য নিয়মটি কিছুটা আলাদা। তাদের ক্ষেত্রে পূর্ণ অবসর বয়সে পৌঁছানোর মাসের আগ পর্যন্ত বার্ষিক আয়ের সীমা হবে ৬৭ হাজার ৯২০ ডলার।
এই সীমার বেশি আয়ের প্রতি ৩ ডলারের জন্য ১ ডলার করে অবসরভাতা আটকে রাখা হবে। পূর্ণ অবসর বয়সে পৌঁছানোর মাস থেকে কাজের আয়ের ওপর আর কোনো সীমা থাকবে না। এরপর যত আয়ই হোক, কাজ করার কারণে সোশ্যাল সিকিউরিটি অবসরভাতা কমানো হবে না।
এসএসএর নিয়ম অনুযায়ী, আয়ের সীমা অতিক্রম করার কারণে সাময়িকভাবে আটকে রাখা অবসরভাতার অর্থ পুরোপুরি হারিয়ে যায় না। পূর্ণ অবসর বয়সে পৌঁছানোর পর সংস্থাটি আটকে রাখা অর্থের হিসাব পুনর্র্নিধারণ করে মাসিক সুবিধার পরিমাণ সমন্বয় করে।
উল্লেখ্য, সোশ্যাল সিকিউরিটি অবসরভাতা গ্রহণের পাশাপাশি কাজ করার আয়ের সীমা এবং সোশ্যাল সিকিউরিটি করের আওতায় সর্বোচ্চ আয়ের সীমা দুটি আলাদা বিষয়। প্রথমটি নির্ধারণ করে পূর্ণ অবসর বয়সের আগে কাজ করলে কত আয় পর্যন্ত অবসরভাতায় কোনো কর্তন হবে না। অন্যদিকে, সোশ্যাল সিকিউরিটি করের সর্বোচ্চ আয়ের সীমা নির্ধারণ করে একজন কর্মীর কত আয়ের ওপর এ কর দিতে হবে। ২০২৭ সালে এ করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা বেড়ে ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার হচ্ছে।
