শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ৩০ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার


নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ফ্ল্যাটবুশে তিনতলা ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনায় সাত শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ হতাহত হয়েছেন। প্রায় ২৫০ জন ফায়ারফাইটার ও জরুরি বিভাগের কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন।

বুধবার বিকেল ৪টায় ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের তিনতলা ভবনটি পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের নির্মাণাধীন স্থানের গভীর খননগর্তে ধসে পড়ে। ভবনটির নিচতলায় ছিল একটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ওপরের তলাগুলোতে ছিল একাধিক আবাসিক অ্যাপার্টমেন্ট।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহত আটজনের মধ্যে ছয়জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা চারটি মরদেহ নির্মাণ শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন।

এদিকে উদ্ধার অভিযান নিয়ে নগর কর্মকর্তারা বলেন, নিখোঁজ হিসেবে রিপোর্ট করা ব্যক্তিদের সবাইকে খুঁজে বের করে ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে। এখন উদ্ধার অভিযানের পরিবর্তে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হচ্ছে। বিশেষ ধরনের গ্র্যাপল যন্ত্র দিয়ে বড় বড় ধ্বংসস্তূপ রাস্তার ওপর সরিয়ে এনে সেগুলো পরীক্ষা করা হবে। পাশাপাশি খননযন্ত্র ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যেও তল্লাশি চালানো হচ্ছে।


নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে আটজন নিউইয়র্কবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের মধ্যে তিনজন ফায়ারফাইটার রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ধসে পড়া ভবনের ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কি না, সে বিষয়ে তথ্য জানতে নিউইয়র্কবাসীকে ৩১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন মেয়র।

অন্যদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য তিনি প্রার্থনা করছেন এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তে রাজ্য প্রশাসন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস। কর্তৃপক্ষ জানিয়েছে, পাশের নির্মাণস্থলে খনন ও ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই প্রকল্পের জন্য আগে থেকেই অনুমোদিত পারমিট ছিল। তবে দুর্ঘটনার পর নির্মাণস্থলে সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।