শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ২৯ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৫৯ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার



নিউইয়র্কের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আবার শুরু হয়েছে। অগ্নি নিরাপত্তা জনিত কারণে নিউইয়র্ক সিটি প্রশাসন সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক জেএমসিতে নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণার এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্য দিয়ে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। জেএমসি’র সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ফোনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে স্বল্প পরিসরে জেএমসিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ শুক্রবারদিন   জুম্মার নামাজ আদায় করা যাবে। এজন্য তিনি সিটি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  
জেএমসি’র সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার কর্তৃক প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে ‘মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমত ও অনুগ্রহে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) পুনরায় পাঁচ ওয়াক্ত নামাজ ও পবিত্র জুমার নামাজ আদায়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।
জামাইকা মুসলিম সেন্টারের চলমান বৃহৎ সম্প্রসারণ ও নির্মাণকাজের কারণে আপাতত: সীমিতসংখ্যক মুসল্লীর অংশগ্রহণে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ইনশাআল্লাহ, ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেমের স্থাপনকাজ সম্পন্ন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর মসজিদের উভয় তলা পূর্ণ ধারণক্ষমতায় ব্যবহারের ব্যবস্থা করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য নিউইয়র্ক সিটি মেয়র অফিস, ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি) এবং নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই)-এর প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও তাঁর কর্মকর্তাদের, যাঁরা (বৃহস্পতিবার) সকালে জামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন করে আমাদের এই আনন্দের সংবাদ প্রদান করেছেন।
জামাইকা মুসলিম সেন্টারের সকল মুসল্লী, শুভাকাঙঙ্খী ও কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তাঁদের ধৈর্য, দোয়া, অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য। মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় মসজিদকে হেফাজত করুন এবং চলমান সম্প্রসারণ প্রকল্প দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন।’