বুধবার   ১১ নভেম্বর ২০২৬   কার্তিক ২৭ ১৪৩৩   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে হোমকেয়ার সেবায় পরিচিত প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার পূর্ণ করল এক দশক। প্রবীণ, অসুস্থ ও দৈনন্দিন জীবনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। দশ বছরের এই পথচলার মাইলফলক উদযাপন উপলক্ষে নিউইয়র্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের গত দশ বছরের সেবামূলক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ গত এক দশকের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবারের সদস্য এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহ নেওয়াজ বলেন, “দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোমকেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।”

তিনি আরও বলেন, “একটি পরিবারের প্রবীণ সদস্য অসুস্থ হয়ে পড়লে শুধু ওই ব্যক্তি নন, পুরো পরিবারই উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে চাই। একজন মানুষ যেন নিজের পরিচিত পরিবেশে, নিজের ভাষায় কথা বলে এবং নিজের সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রেখে যত্ন পান, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মীদের অবদানের কথা তুলে ধরে শাহ নেওয়াজ বলেন, “আজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাইনি; চেয়েছি মানুষের প্রয়োজনের সময় নির্ভরতার একটি জায়গা তৈরি করতে। আগামী দিনগুলোতেও সেবার মান, জবাবদিহি এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি আগামী দিনের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজও দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।