যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের একটি চমক আসতে পারে। কিংবদন্তি প্রফেশনাল রেসলার এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্লেন জ্যাকবস—যিনি রিংয়ে ‘কেইন’ নামে বিশ্বজুড়ে পরিচিত—যুক্তরাষ্ট্রের সিনেটে যোগ দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
সাবেক এই রেসলারকে টেনেসি অঙ্গরাজ্যের একটি শূন্য হতে যাওয়া সিনেট আসনে নিয়োগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি টেনেসির প্রতিনিধি হিসেবে সিনেটে স্থলাভিষিক্ত হতে পারেন।
দীর্ঘ রেসলিং জীবনকে বিদায় জানিয়ে ২০১৮ সালে রাজনীতিতে পা রাখেন এই ডব্লিউডব্লিউই (WWE) হল অব ফেমার। সে সময় তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছে।
সিনেটে সম্ভাব্য পদায়ন যেভাবে
সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের স্থলাভিষিক্ত হবেন ‘কেইন’খ্যাত গ্লেন জ্যাকবস। মারশা ব্ল্যাকবার্ন আগামী বছরের জানুয়ারিতে টেনেসির গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সিনেট ছাড়ছেন।
টেনেসির নিয়ম অনুযায়ী, সিনেটে কোনো আসন খালি হলে পরবর্তী নির্বাচন (যা ২০২৮ সালে অনুষ্ঠিত হবে) পর্যন্ত সেখানে কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা গভর্নরের হাতে থাকে।
উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মারশা ব্ল্যাকবার্নের ক্যাম্পেইনের ট্রেজারার (কোষাধ্যক্ষ) দায়িত্ব পালন করেছিলেন গ্লেন জ্যাকবস।
‘ওয়াশিংটন সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাকবার্নের সঙ্গে তার এই ঘনিষ্ট সম্পর্কের কারণেই তিনি পরবর্তী সিনেটর হিসেবে জোরালোভাবে আলোচনায় রয়েছেন। এ ছাড়া ‘দ্য ন্যাশভিল ব্যানার’-এর তথ্যমতে, মারশা ব্ল্যাকবার্নের ঘনিষ্ট সূত্রগুলোর তৈরি করা চার সদস্যের সংক্ষিপ্ত তালিকাতেও তার নাম রয়েছে।
গত ৪ নভেম্বর ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টের একটি পর্বে সিনেটে নিয়োগ পাওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথাও জানান জ্যাকবস। তিনি বলেন, ‘এটি আমার জন্য নিঃসন্দেহে একটি অনেক বড় সম্মানের বিষয়, তাই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করব।’
