যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৪ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার
ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার দেশটির সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত ১০টি মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ইউরোপের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্কটল্যান্ডের প্রেস্টউইক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
বিবিসি ভেরিফাইয়ের হাতে আসা ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ মডেলের এসব উড়োজাহাজের কয়েকটি জার্মানি ও ইতালির মার্কিন ঘাঁটিতে যায়। পরে কয়েকটি উড়োজাহাজ জার্মানির স্পাংডাহলেম বিমানঘাঁটিতে অবতরণ করে। তবে ইরানের হুমকির কারণে এসব বিমান সরানো হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করলেও বিবিসি এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
এর কয়েক সপ্তাহ আগে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগের জেরে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন স্থানে তাদের সামরিক ঘাঁটির নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দেশটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রধান মার্কো রুবিও সোমবার বলেন, বিদেশে মার্কিন কূটনীতিকদের জন্য সম্ভাব্য হুমকি দেখা দিলে ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, আরএএফ মিলডেনহলে প্রায় তিন হাজার মার্কিন সামরিক সদস্য অবস্থান করেন। মধ্যপ্রাচ্যগামী সামরিক বিমান ও সরঞ্জাম পাঠানোর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ঘাঁটিটি ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে, ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সন্দেহজনক তিনটি ভ্যান দেখা যাওয়ার পর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। ওই ঘটনায় ইরান-সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবর মাসে এ ঘটনায় দুই ব্রিটিশ নাগরিককে আদালতেও হাজির করা হয়। সূত্র: বিবিসি
