এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৪৪ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দা অ্যালিস হুয়াংয়ের কথিত প্রেমের সম্পর্কের বিষয়টি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন। তবে এনভিডিয়া প্রধান দাবি করেছেন, ওই নারী যে চীনা গোয়েন্দা ছিলেন, তা তিনি জানতেন না।
সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হুয়াং বলেছেন, এ বিষয়ে তার (ওই নারী গোয়েন্দা কি না) বিন্দুমাত্র ধারণা ছিল না। আমি হুয়াংয়ের কথা বিশ্বাস করি।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস হুয়াং (হুয়াং লে নামেও পরিচিত) চীনের রাজধানী বেইজিংয়ের একজন গোয়েন্দা ছিলেন। তার সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বসন্তে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে এ বিষয়ে সতর্ক করেছিলেন। এতে বলা হয়, এনভিডিয়া প্রধান এক চীনা গোয়েন্দার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ছিল। সন্দেহ করা হচ্ছে, চীনে এনভিডিয়ার পণ্য পাচারে সহায়তার চেষ্টা করেছিলেন তিনি।
তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অনুমাননির্ভর। চীনকে অপমান ও কলঙ্কিত করার উদ্দেশ্যে এমন দাবি করা হচ্ছে।
স্বাধীন তদন্তের নির্দেশ এনভিডিয়ার
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি সামনে আসার পর স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছে এনভিডিয়া। তবে কোম্পানিটি জানিয়েছে, তাদের গোপনীয়তা বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই।
সোমবার ট্রাম্প বলেন, জেনসেন হুয়াং একজন সম্মানিত ব্যক্তি। তদন্ত শেষে তিনি ভালো অবস্থানে থাকবেন বলে তার বিশ্বাস। হুয়াংয়ের সঙ্গে ফোনে কথা বলার কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, তিনি হুয়াংয়ের শারীরিক ও মানসিক অবস্থা জানতে চেয়েছিলেন।
ট্রাম্প আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। চীনকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) এগিয়ে যাওয়ার সুযোগ দিলে দেশটির সামরিক ও নজরদারি সক্ষমতা অনেক বেড়ে যেতে পারে। আগামীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি এ বিষয়ে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।
এদিকে হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন। এ কারণে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে এনভিডিয়াকে সুরক্ষা দেওয়া এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় সহায়তা করার অঙ্গীকার করেছেন। কোম্পানির চলমান তদন্তেও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।
শেয়ারবাজারে বড় ধাক্কা
বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। অ্যাপলের পর এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের কোম্পানি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত কম্পিউটার চিপ তৈরি করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় এনভিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির বিষয়টি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচিত হচ্ছে। এ পরিস্থিতিতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দার সম্পর্কের খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। এতে এক দিনেই কোম্পানিটির বাজারমূল্য থেকে প্রায় ২৫০ বিলিয়ন ডলার কমে যায়।
এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে মামলা
এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে একটি প্রস্তাবিত শ্রেণিগত মামলা (ক্লাস অ্যাকশন) করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি গোপন রেখে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে এনভিডিয়া।
মামলায় আরও অভিযোগ করা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের কাছে মিথ্যা তথ্য দিয়েছে কোম্পানিটি। ওই নারী চীনে এনভিডিয়ার পণ্য পাচারে সহায়তার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে, মার্কিন কংগ্রেসের কয়েকটি কমিটির পক্ষ থেকে আগামী সপ্তাহে যৌথ রুদ্ধদ্বার ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার জন্য জেনসেন হুয়াংকে অনুরোধ জানানো হয়েছে। সেখানে বিদেশি প্রতিপক্ষের গোয়েন্দাগিরি ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে ওই ব্রিফিংয়ে হুয়াং উপস্থিত হবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি এনভিডিয়া ও সংশ্লিষ্ট কংগ্রেসীয় কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।
সূত্র: বিবিসি।
