সোমবার   ০৯ নভেম্বর ২০২৬   কার্তিক ২৪ ১৪৩৩   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৭ এএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

ইরানে অস্ত্র ও নিষিদ্ধ পণ্য পাচার বন্ধ করতে দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরপথে নজরদারি জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পরিকল্পনার কথা জানান। ফ্লোরিডাভিত্তিক এই টাস্কফোর্সে সামরিক ও বেসামরিক মিলিয়ে ২০ জন সদস্য থাকবেন।

মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দলটি ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যকার স্থলপথ এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষিদ্ধ পণ্য ও অবৈধ অর্থের লেনদেন ঠেকাতে কাজ করবে।

কুপারের দাবি, নতুন এই নজরদারি ব্যবস্থা ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে।

গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা হলেও পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে চূড়ান্ত সমঝোতা হয়নি।

এর মধ্যে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার স্থলপথ ও কাস্পিয়ান সাগরেও নজরদারি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক পথে বাধা তৈরি হওয়ার পর ইরান অস্ত্র ও অর্থ সংগ্রহের বিকল্প পথ হিসেবে স্থলপথ ও কাস্পিয়ান সাগর ব্যবহারের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের লক্ষ্য সেই পথগুলোও বন্ধ করা।

সূত্র: এনডিটিভি