রোববার   ০৮ নভেম্বর ২০২৬   কার্তিক ২৩ ১৪৩৩   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৪ এএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার


 
জ্যামাইকার আল-আকসা পার্টিহলে  ৩৩টি ভেন্ডর ও ২,০০০-এর বেশি দর্শনার্থীর অংশগ্রহণে প্রথম বারের মত  স্থানীয় ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কমিউনিটির মানুষের মধ্যে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেটপ্লেস ‘ আয়োজনের উদ্যোগ নিয়েছে পাল্স ওয়েভ নামক একটি বাংলাদেশী প্রতিষ্ঠান এবং এর প্রধান আয়োজক ও উদ্যোক্তা হলেন সাঈদ বান্না। গত  ১ নভেম্বর রবিবার ২০২৬-এর যাত্রা শুরু হয়েছে। এই মার্কেটপ্লেসের ভাবনা হলো বিভিন্ন ধরনের পণ্য, সেবা ও স্থানীয় ব্যবসাকে একটি নির্দিষ্ট স্থানে, একই ছাদের নিচে নিয়ে আসা, যাতে কমিউনিটির মানুষ সহজে কেনাকাটা করতে পারেন এবং উদ্যোক্তারা নিয়মিতভাবে তাঁদের পণ্য ও ব্র্যান্ড প্রবাসী ক্রেতাদের কাছে পরিচিত করার সুযোগ পান।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিনের ইভেন্টে মোট ৩৩টি ভেন্ডর অংশ নেন এবং ২,০০০-এর বেশি দর্শনার্থী ও ক্রেতা উপস্থিত ছিলেন।
হলিডে মার্কেটপ্লেস এর মূল লক্ষ্য হলো কমিউনিটির জন্য একটি সহজলভ্য ও বৈচিত্রময় কেনাকাটার পরিবেশ তৈরি করা। একই স্থানে একাধিক ভেন্ডর থাকলে দর্শনার্থীরা একসঙ্গে বিভিন্ন পণ্য ও ব্যবসা ঘুরে দেখতে, তুলনা করতে এবং সরাসরি বিক্রেতাদের সঙ্গে কথা বলতে পারবেন। এতে সময় ও যাতায়াতের ঝামেলা কমানোর পাশাপাশি স্থানীয় ব্যবসার সঙ্গে কমিউনিটির পরিচিতিও বাড়তে পারে। অন্যদিকে, ভেন্ডরদের জন্য এটি নিয়মিত ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ, পণ্য প্রদর্শন, নতুন ক্রেতা খোঁজা, ব্র্যান্ড পরিচিতি বাড়ানো এবং সম্ভাব্য ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তারা অনলাইন প্রচারের পাশাপাশি সরাসরি ক্রেতাদের কাছে তাঁদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন। ১ নভেম্বরের আয়োজনে বুটিক, জুয়েলারি, ফ্যাশন ও অন্যান্য পণ্যের ব্যবসায়ীরা অংশ নেন। প্রতিটি ভেন্ডরের জন্য ১০ ফুট দ্ধ ১০ ফুটের নির্ধারিত বুথের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানস্থলটি বেসমেন্টে হওয়ায় পণ্য ও সরঞ্জাম আনা-নেওয়ার ক্ষেত্রেও আয়োজকদের পক্ষ থেকে লজিস্টিক সহায়তা দেওয়া হয়।
১ নভেম্বরের উক্ত আয়োজনের এর অংশ হিসেবে ‘মাই ড্রীম মাই আইডেনটিটি’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করে ওমেন এন্ড ই-কমার্স , যার নেতৃত্বে রয়েছেন নাসিমা আক্তার নিশা। সেমিনারের মডারেটর ছিলেন হার রাইজ এল এল সি -এর প্রতিষ্ঠাতা শর্ণলতা রায়। সেমিনারে নারীর ক্ষমতায়ন, আত্মপরিচয়, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত ফোক-রক সংগীতশিল্পী ও দুইবারের চ্যানেল আই মিউজিক এওয়ার্ড বিজয়ী সংগীতশিল্পী সায়েরা রেজা এবং প্রমি তাজ।এছাড়াও অতিথিদের তালিকায় ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, অভিনেত্রী ও পরিচালক তানিয়া আহমেদ, শিক্ষক ও সংবাদ উপস্থাপক সাদিয়া খন্দকার, সংগীতশিল্পী নাজু আখন্দ, মেলিয়া লেনিন, ত্রিনিয়া হাসান, শাহরিন আলম আরেফিন (বাণী), রাহুল খান এবং মেহেরুন আহমেদ।
কমিউনিটির জন্য নিয়মিত মিলনমেলা: পাল্স ওয়েভ এর হলিডে মার্কেটপ্লেস উদ্যোগের লক্ষ্য হলো প্রতি রোববার কমিউনিটির জন্য এমন একটি নিয়মিত প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মানুষ কেনাকাটা, নতুন পণ্য আবিষ্কার, স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হওয়া এবং কমিউনিটির অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। একই সঙ্গে ভেন্ডরদের জন্য ধারাবাহিকভাবে তাঁদের ব্যবসা তুলে ধরার একটি সুযোগ তৈরি হবে। আয়োজকদের মতে, নিয়মিত এই মার্কেটপ্লেস স্থানীয় ব্যবসাকে দৃশ্যমান করতে, উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক সংযোগকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।