যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৯ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লাতিনো বা হিস্পানিক ভোটাররা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে এই জনগোষ্ঠীর ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণেও তাদের ভোট বড় প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যের লাতিনো-অধ্যুষিত নির্বাচনি এলাকাগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। একইভাবে টেক্সাসের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনেও লাতিনো ভোটারদের সমর্থন ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
তবে সাম্প্রতিক জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি এই জনগোষ্ঠীর অসন্তোষের চিত্র উঠে এসেছে।
অক্টোবরে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রতি ১০ হিস্পানিক প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ছয়জন ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে অসন্তুষ্ট। অর্থনীতি পরিচালনায় তার ভূমিকার প্রতি অসন্তুষ্ট প্রায় ১০ জনের সাতজন।
নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তারা কতটা কার্যকরভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনি প্রতিশ্রুতি ভোটারদের সামনে তুলে ধরতে পারেন।
বিশেষ করে ট্রাম্পের প্রতি হতাশ হয়ে পড়া ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেবেন, নাকি নির্বাচনে অংশগ্রহণ থেকেই বিরত থাকবেন, তা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
লাতিনো ভোটারদের সমর্থন ও ভোটদানের হার যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচনি ফলাফলে প্রভাব ফেলতে পারে। ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের লড়াইয়ে এই জনগোষ্ঠীর ভোট বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র: আল জাজিরা
