ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১ নভেম্বর ২০২৬ রোববার
ইরানের সম্ভাব্য পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনা চলার কথা বললেও এই স্থাপনায় হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এক বা দুটি স্থাপনায় এখনও ব্যবস্থা নেওয়া বাকি রয়েছে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেন অন্যতম।
ইরানে স্থানীয়ভাবে ‘কুহ-এ কোলাং গাজ লা’ নামে পরিচিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি প্রায় ১ হাজার ৬০০ মিটার উঁচু পাহাড়। দেশটির ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছেই এর অবস্থান। পাহাড়টির গভীরে রয়েছে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স।
পশ্চিমা কয়েকজন বিশ্লেষকের ধারণা, পাহাড়ের গভীরে একটি অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা থাকতে পারে। স্থাপনাটি এত গভীরে তৈরি করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম বোমা দিয়েও সেখানে আঘাত হানা কঠিন হতে পারে।
তবে স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণকারী ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মূল্যায়ন, পিকঅ্যাক্স মাউন্টেনের নির্মাণকাজ এখনও চলছে। স্থাপনাটি এখনও কার্যকর হয়নি বলেও মনে করছে সংস্থাটি।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘এক বা দুটি স্থাপনা’ নিয়ে যুক্তরাষ্ট্রের এখনও ব্যবস্থা নেওয়া বাকি রয়েছে। এ সময় তিনি পিকঅ্যাক্স মাউন্টেনের নাম উল্লেখ করে বলেন, স্থাপনাটির বিরুদ্ধে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব।
ইরানের সঙ্গে আলোচনার কথা বলার পাশাপাশি দেশটির ভূগর্ভস্থ স্থাপনায় হামলার সম্ভাবনা তুলে ধরায় পিকঅ্যাক্স মাউন্টেন এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা
