শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৪ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। দেশটির বিচার বিভাগের জাতীয় অপরাধভুক্তভোগী জরিপের তথ্য তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালে ২০২৪ সালের তুলনায় সহিংস অপরাধ কমেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) হোয়াইট হাউস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
হোয়াইট হাউসের দাবি, জরিপের ইতিহাসে এক বছরে সহিংস অপরাধ কমার এটিই সবচেয়ে বড় ঘটনা। ট্রাম্পের আইনশৃঙ্খলা রক্ষার নীতি, সীমান্ত নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের বহিষ্কার এবং মাদক পাচারবিরোধী পদক্ষেপের কারণে অপরাধ কমেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রাণহানিহীন সহিংস অপরাধ কমেছে ২৫ শতাংশ। গুরুতর হামলা কমেছে ৩১ শতাংশ, ছিনতাই ২৭ শতাংশ, বাড়িতে চুরি ও অনধিকার প্রবেশ ২৫ শতাংশ এবং মোটরযান চুরি ৩০ শতাংশ কমেছে। এ ছাড়া সম্পত্তিসংক্রান্ত অপরাধ কমেছে ১৯ শতাংশ।
হোয়াইট হাউসের দাবি, এসব পরিসংখ্যান ট্রাম্প প্রশাসনের অপরাধ দমনের নীতির প্রভাব তুলে ধরে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বিরোধী ডেমোক্র্যাটদের জামিননীতি, সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসনসংক্রান্ত নীতির সমালোচনা করা হয়েছে।
তবে এসব তথ্য হোয়াইট হাউসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তুলে ধরা দাবি। অপরাধ কমার পেছনে বিভিন্ন নীতি ও অন্যান্য কারণের পৃথক প্রভাব সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হয়নি।