জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
স্টেট গর্ভনর ক্যাথি হোকুলের ঘোষণা
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শিশু-কিশোর, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন কমিউনিটি সেন্টার নির্মাণে ১০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্টেটের গভর্নর ক্যাথি হোকুল। প্রস্তাবিত এই কেন্দ্রটিতে খেলাধুলা, শিক্ষা, শিল্প-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের বিকাশ এবং পরিবারের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কুইন্সের বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী ও বহুজাতিক জনগোষ্ঠীর বাসিন্দারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।গভর্নরের কার্যালয়ের ঘোষণা অনুযায়ী, ভেরাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব কুইন্সের উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন উৎস থেকে এখন পর্যন্ত মোট ৩৩.৮ মিলিয়ন ডলারের তহবিলের প্রতিশ্রুতি পাওয়া গেছে। প্রকল্পটির মোট অর্থায়নের লক্ষ্যমাত্রা প্রায় ৬০ মিলিয়ন ডলার।
গত বুধবার ১৪ অক্টোবর ৬৯ স্ট্রিট ও ৩৪ এভিনিউস্থ পাবলিক স্কুলে আয়োজিত এক সভায় এই কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেন গর্ভনর। এ সময় সেখানে কংগ্রেসওম্যান গ্রেস মেং, ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, অ্যাসেম্বলি সদস্য জেসিকা গনজালেজ-রোহাস, অ্যাসেম্বলি সদস্য স্টিভেন রাগা, ক্যাটালিনা ক্রুজ, সিটি কাউন্সিলর শেখর কৃষনান, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লাজ এটর্নি মঈন চৌধুরী উপস্থিত ছিলেন ছিলেন।
প্রস্তাবিত কমিউনিটি সেন্টারটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে ৭০-০২, ৩৪তম অ্যাভিনিউতে, সাবেক বিকিউই বিলিয়ার্ডসে এর স্থানে, প্যাসো পার্কের কাছাকাছি। এখানে একটি জিমনেসিয়াম, বাস্কেটবল কোর্ট, সুইমিং পুল ও জলক্রীড়ার সুবিধা, থিয়েটার এবং বিভিন্ন বিনোদন ও সামাজিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থান রাখার পরিকল্পনা রয়েছে।কেন্দ্রটিতে স্কুল-পরবর্তী কার্যক্রম, প্রারম্ভিক শৈশব শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও সুস্থতা, শিল্প-সংস্কৃতি এবং বিনোদনমূলক কর্মসূচি পরিচালিত হবে। এর মাধ্যমে শিশু-কিশোরদের নিরাপদ পরিবেশে সময় কাটানো, নতুন দক্ষতা অর্জন, খেলাধুলায় অংশগ্রহণ এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গভর্নর ক্যাথি হোকুল বলেন, পরিবারের আয় কিংবা সামাজিক পটভূমি যা-ই হোক না কেন, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং মানসম্মত সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। জ্যাকসন হাইটসের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর চাহিদা পূরণে নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রকল্পটির জন্য নিউইয়র্ক অঙ্গরাজ্যের ১০ মিলিয়ন ডলারের পাশাপাশি নিউইয়র্ক সিটি কাউন্সিলের পক্ষ থেকে ৯.৩ মিলিয়ন ডলার সহায়তার কথা জানানো হয়েছে। এ ছাড়া সিনেটর চাক শুমার ও র্কাস্টেন গিলিব্র্যান্ডের পক্ষ থেকে ২ মিলিয়ন ডলার এবং কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের পক্ষ থেকে ১ মিলিয়ন ডলার সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।
অ্যাসেম্বলি সদস্য জেসিকা গনজালেজ-রোহাস ১ মিলিয়ন ডলার এবং অ্যাসেম্বলি সদস্য স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজ প্রত্যেকে ২৫০ হাজার ডলার সহায়তা দিয়েছেন। অন্যদিকে, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে মেট্রোপলিটান পার্কের পক্ষ থেকেও ১০ মিলিয়ন ডলারের অর্থায়নের কথা জানানো হয়েছে।জ্যাকসন হাইটস ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য প্রস্তাবিত কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো হয়ে উঠতে পারে।
বিশেষ করে যেসব পরিবার শিশুদের জন্য সাশ্রয়ী খেলাধুলা, শিক্ষামূলক কার্যক্রম এ বং সাংস্কৃতিক চর্চার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করবেবহুজাতিক জনগোষ্ঠীর বসবাসের কারণে জ্যাকসন হাইটসে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও সামাজিক পটভূমির মানুষের সহাবস্থান রয়েছে। নতুন এই কেন্দ্রটি শিশু-কিশোর ও পরিবারের জন্য কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পারস্পরিক যোগাযোগ ও সামাজিক অংশগ্রহণের সুযোগও বাড়াতে পারে।
তবে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রটি বাস্তবায়িত হলে জ্যাকসন হাইটসের শিশু-কিশোর, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জন্য এটি শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও সামাজিক কার্যক্রমের একটি বহুমুখী কেন্দ্র হিসেবে কাজ করবে।
