ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৫ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, খুব শিগগিরই ফ্রান্সের রাজধানী প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে। ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে ইউরোপের দেশগুলোকে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে। এটি অভিবাসনসংক্রান্ত সমস্যা। তিনি আরও জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তিনি সীমান্ত বন্ধ করার পরামর্শ দিয়েছেন।
ম্যাক্রোঁর সঙ্গে নিজের কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ফ্রান্সে প্রবেশের সুযোগ দিয়ে দেশটি বড় ধরনের ভুল করছে বলে তিনি আগেই সতর্ক করেছিলেন। তাঁর ভাষায়, ফ্রান্স যেন সারা বিশ্বের মানুষকে প্রবেশের সুযোগ দিচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ইউরোপ যদি সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর না হয় এবং অপরাধীদের দেশ থেকে বহিষ্কার না করে, তাহলে মহাদেশটি ভয়াবহ পরিণতির মুখে পড়বে।
সপ্তাহান্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। পরে কয়েকটি স্থানে এসব বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম গুরুতর সহিংসতা হিসেবে এসব ঘটনার উল্লেখ করা হয়েছে।
অভিবাসন নিয়ন্ত্রণ ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল। সে সময় অবৈধ অভিবাসন নিয়ে তাঁর বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে জাতিগত ভীতি ছড়ানো এবং অসত্য দাবি করার অভিযোগও উঠেছিল।
