সোমবার   ১২ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৬ ১৪৩৩   ২৯ রবিউস সানি ১৪৪৮

ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ইসাইয়াসের প্রভাবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ৯ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শনিবার (১১ অক্টোবর) ঝড়টি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও টর্নেডোর আশঙ্কা দেখা দেয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) ফ্লোরিডার ডেস্টিন এলাকার কাছে ক্যাটাগরি ২ মাত্রার হারিকেন হিসেবে উপকূলে আছড়ে পড়ে ইসাইয়াস। রাতের মধ্যে ঝড়টির শক্তি কমে গেলেও তা বিপজ্জনক অবস্থায় ছিল।

ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডার পেনসাকোলার একটি হোটেলের ছাদ উড়ে যায়। পানামা সিটি বিচে একটি বহুতল ভবনের সম্মুখভাগের অংশও ভেঙে পড়ে। ডেস্টিনে একটি নৌকাঘরও ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লোরিডার এসকাম্বিয়া কাউন্টিতে বাড়ির ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়। একই এলাকায় গ্যারেজে জেনারেটর চালানোর কারণে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও ৪ সদস্য অসুস্থ হয়ে চিকিৎসা নেন।

এদিকে, আলাবামার বার্মিংহামে বাড়ির ওপর গাছ পড়ে একজন নিহত হন। রাজ্যটির বারবার কাউন্টিতে ঝড়ের সময় গাছ পড়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

ঝড়ের প্রথম কয়েক ঘণ্টায় ফ্লোরিডা ও আলাবামার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উপকূলীয় এলাকায় গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ার খবর পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর আগে ফ্লোরিডা ও আলাবামার জন্যও একই ঘোষণা দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, জর্জিয়া ও ক্যারোলাইনা অঙ্গরাজ্যের কিছু এলাকায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা হতে পারে। রোববার ঝড়টি টেনেসি ভ্যালি হয়ে মধ্য-আটলান্টিক অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: এপি