প্রো-প্যালেস্টাইনী তোপের মুখে মেয়র মামদানি
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:৫৪ এএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
- মেয়র মামদানিকে ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত
- ইসরায়েলি পতাকা বহনকারীকে ধাওয়া
নিউইয়র্কে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীদের তোপের মুখে পড়লেন সিটি মেয়র জোহরান মামদানি। তারা তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেছে।তাকে লক্ষ্য করে বিভিন্ন শ্লোগান দেয়। তাকে ‘কাপুরুষ’ পুরুষ বলেও আখ্যায়িত করে। গত বুধবার ম্যানহাটনের ঐতিহাসিক ইউনিয়ন স্কয়ারে ‘শান্তিপন্থী একটি ইসরায়েলি গোষ্ঠীর’ আয়োজিত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকীর অনুষ্ঠানে মেয়র যোগ দিলে এ ঘটনা ঘটে। সেখানে প্রো-ইসরাইল ও প্রো-প্যালেস্টাইন সর্মথকরা সমবেত হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দেয়ায় প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারিদের তীব্র দুয়োধ্বনি ও বিদ্রুপের মুখে পড়েন মামদানি।
এর আগে একই দিন ইহুদি নেতারা মেয়রের তীব্র সমালোচনা করেছিলেন। মেয়র সন্ত্রাসী হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি দিয়েছিলেন। তাতে হামলার উল্লেখ থাকলেও মূল মনোযোগ ছিল হামাসের নেতৃত্বাধীন হামলার পরবর্তী সময়ে গাজায় ফিলিস্তিনিদের ভোগান্তির কথাই বেশি।
ইউনিয়ন স্কয়ারে 'ইসরায়েলি ফর পিস নিউ ইয়র্ক'-এর আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে মেয়র পৌঁছানোর (স্থানয় সময় সন্ধ্যা ৭:৩০-এর দিকে) ঠিক আগেই বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েন তিনি। তবে কড়া পুলিশি বেষ্টনীর মধ্যে আয়োজকরা অনুষ্ঠান চালিয়ে যান। আর সন্ধ্যাজুড়ে বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। বিক্ষোভকারীদের সংখ্যা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সংখ্যার অন্তত দ্বিগুণ বলে মনে হচ্ছিল।
মেয়র যখন কালো কোট পরে এবং গম্ভীর মুখে দৃঢ় পদক্ষেপে পুলিশের ব্যারিকেড পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন খুব কম বিক্ষোভকারীই তা লক্ষ্য করেছিলেন। তিনি দ্রুত বক্তার মঞ্চের দিকে এগিয়ে যান এবং পুরো অনুষ্ঠানজুড়ে হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকেন।
বিক্ষোভকারীরা তাকে দেখতে পাওয়ার সাথে সাথেই তীব্র ভাষায় আক্রমণাত্মক স্লোগান দিতে শুরু করেন। ইসরায়েলের দীর্ঘদিনের সমালোচক এই মেয়রের বিরুদ্ধে তারা কাপুরুষ হওয়ার এবং গাজায় শিশু হত্যার অভিযোগ তোলেন। বিক্ষোভকারীদের আগমনের কারণে শোকসভা শুরু হতে দেরি হয়। তারা পৌঁছানোর পর, কয়েকজন বিক্ষোভকারী ইসরায়েলি পতাকা বহনকারী এক ব্যক্তিকে ধাওয়া করে এবং আরও দুজন ভিড়ের দিকে তেড়ে যায়। বিক্ষোভকারীদের একটি বড় দল ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর বিরুদ্ধে স্লোগান দেয়-"আইডিএফ-এর মৃত্যুহোক"-এবং বলে "প্রতিরোধ গৌরবময়, আমরাই জয়ী হব"।
সিটি হলের বাইরে অনুষ্ঠিত আগের একটি বিক্ষোভ থেকে মিছিল করে তারা ইউনিয়ন স্কয়ারে আসে। সেখানে তারা মেয়রকে-যিনি দীর্ঘকাল ধরে ইসরায়েলের সমালোচক-ফিলিস্তিনিদের দাবির সাথে বিশ্বাসঘাতকতা করার দায়ে অভিযুক্ত করে।
