শনিবার   ১০ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৪ ১৪৩৩   ২৭ রবিউস সানি ১৪৪৮

৪০ আমেরিকানের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৫২ এএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার


 
৪০ আমেরিকানের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েচে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগ ৫ অক্টোবর এক ঘোষণা বলেছে, যুক্তরাষ্ট্রের একাধিক জেলা আদালতে ৪০ জন ব্যক্তির বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। এই ব্যক্তিরা গুরুতর অপরাধে অভিযুক্ত। যার মধ্যে রয়েছে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করা, ইচ্ছাকৃত নরহত্যা এবং বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর যৌন অপরাধ (অ্যাগ্রাভেটেড সোডমি) সংঘটন। ২১ আগস্ট থেকে ২ অক্টোবর ২০২৬’র মধ্যে দায়ের করা এই অভিযোগগুলো ট্রাম্প প্রশাসনের অধীনে এককালীন দাখিল করা মামলার মধ্যে বৃহত্তম সংখ্যা। ৫ অক্টোবর জাস্টিস ডিপার্টমেন্টের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (অভিবাসন ও নাগরিকত্ব আইন) অনুযায়ী, কোনো ব্যক্তির যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা ন্যাচারালাইজেশন সনদ বাতিল করা যেতে পারে যদি সেই নাগরিকত্ব বেআইনিভাবে অর্জন করা হয়ে থাকে। অথবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে তা হাসিল করা হয়ে থাকে।

অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, “ এই ঘোষণা আধুনিক ইতিহাসের বৃহত্তম নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টাকে চিহ্নিত করে। গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে নাবালকদের বিরুদ্ধে যৌন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি-এই বিবাদীরা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল এবং তারা গুরুতর অপরাধী হিসেবে চিহ্নিত। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে, জাতীয় নিরাপত্তা বজায় রাখতে এবং আমেরিকান জনগণকে সুরক্ষা দিতে বিচার বিভাগ নাগরিকত্ব বাতিলের এই প্রক্রিয়া অব্যাহত রাখবে।”

বিচার বিভাগের সিভিল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্রেট এ. শুমেট বলেন, “এই ব্যক্তিদের প্রত্যেকেই মিথ্যাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছিল। যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রতি আস্থা ও সততা ফিরিয়ে আনতে এই প্রশাসন বিভাগের ইতিহাসে বৃহত্তম নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমাদের বার্তা স্পষ্ট: নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণা যুক্তরাষ্ট্র সহ্য করবে না।”