শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৯ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার


 
নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে আগামী ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনে থাকছে মহালয়ার চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও সংগঠনের উপদেষ্টা অশোক রক্ষিত, নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দও, সভাপতি শশধর হাওলাদার, সাধারণ সম্পাদক নিরুপমা সাহা, বেদান্ত সোসাইটির সভাপতি রিনা সাহা, আড্ডা একাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ, আয়োজক কমিটির কর্মকর্তা অনুপম দও, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি।
এ ছাড়া সংগীত সাধনা একাডেমির প্রধান পরিচালক মালবিকা চ্যাটার্জি, নৃত্যাঞ্জলি একাডেমির প্রধান পরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং পূজার পুরোহিত প্রবাস চক্রবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংগঠনের সভাপতি শশধর হাওলাদার জানান, ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় সত্যম রায় চৌধুরীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। এরপর নিউইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী।
এরপর মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমির উদ্বোধনী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনের বেশি শিল্পী নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি বাফা ও আড্ডার শিল্পীরাও অংশ নেবেন। প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশ ও নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব এবং পশ্চিমবঙ্গের শিল্পী মেঘলা দাশ গুপ্ত সংগীত পরিবেশন করবেন।
দ্বিতীয় দিন ১১ অক্টোবর রবিবার সকাল ১০টায় দুর্গাপূজা শুরু হবে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে অঞ্জলি। এদিন নৃত্যাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় বিশেষ ধুনুচি নাচ থাকবে। পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায়ের পরিবেশনার পাশাপাশি জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে। অতিথি শিল্পী হিসেবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান সাধারণ সম্পাদক নিরুপমা সাহা।