নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৫ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার
বাংলাদেশী তথা এশিয়ান-আমেরিকান সম্প্রদায়কে শক্তিশালী করার লক্ষ্য গত ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করলো ‘ইউনাইটেড স্টেট ডেমক্র্যাটিক নেটওয়ার্ক’ ইউএসডিএন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এ উপলক্ষ্যে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। নবগঠিত সংস্থাটির কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট রাদওয়ান চৌধুরী বলেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম এবং ডেমক্র্যাটিক পার্টির তরুণ অংশের একজন সমর্থক হিসেবে আমি ওবামার বক্তব্যে আরো অনেকের মতো অভিভূত হই এবং অভিবাসী সমাজের সার্বিক কল্যাণে মূলধারায় উদ্বুদ্ধ হই।
ম্যারিল্যান্ড স্টেটের মন্টগোমারি কাউন্টির বাসিন্দা রাদওয়ান উল্লেখ করেন, এটা হচ্ছে ভাগ্য গড়ার দেশ। তাই সকলকে সচেষ্ট থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে মার্কিন রাজনীতিতে মিশে যাবার জন্যে। সে সংকল্পেই আমরা কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়েছি এই সংগঠনের ব্যানারে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসা-বিনিয়োগ-নীতি নির্ধারণীতে আন্তর্জাতিক পরামর্শ সংস্থা ‘হিন্টন স্ট্র্যাটেজিক পার্টনার্স’ এর প্রতিষ্ঠাতা সাবিন হিন্টন। কূটনীতিক সাবিন এম হিন্টন বলেন, ২০২০ সালে বাংলাদেশে যাবার আগে আফগানিস্তানসহ কয়েকটি দেশে কাজ করেছি। হিন্টন নবগঠিত এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাধ্যমত সহযোগিতা দেবেন বলে উল্লেখ করেছেন।
এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনকালে কো-ফাউন্ডার এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ গালিব রহমান বলেন, মার্কিন রাজনীতি ও প্রশাসনে আরো বেশী করে সম্পৃক্ত হওয়া, কম্যুনিটির সামগ্রিক কল্যাণের পথ সুগম করতে দেন-দরবার, প্রতিভাসম্পন্নদের সুসংগঠিত করে বাংলাদেশী তথা এশিয়ান আমেরিকানদের সামনে এগিয়ে চলার পথ-প্রদর্শক হবার অভিপ্রায়ে এই ইউএসডিএন সরব থাকবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ‘গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স’র প্রতিষ্ঠাতা-প্রধান ড. মোহাম্মদ সালেহ। পরিচালক মো. সোহেল হোসেন (আহমেদ সোহেল), তাসমিত আফিয়াত আর্নি, নাফিজা সাঈদা, রাফাত রহমানও সেখানে ছিলেন। সুধীজনের মধ্যে ছিলেন নবগঠিত ‘গ্লোবাল বাংলাদেশী চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট এবং সিইও কাজী এম আহমেদ, এ্যানভারণমেন্টাল প্রটেকশন ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কন্সালট্যান্টস’র সিইও মো. সোলায়মান আকতার, বিশিষ্ট রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী প্রমুখ।
