শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর

আজকাল রিােপর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৬ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার



নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য মহালয়া ও দুর্গোৎসব। আগামী ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ উৎসবে থাকছে মহালয়ার চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। গত ২৭ সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর প্রেসিডেন্ট অশোক রক্ষিত, নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দও, সংগঠনের সভাপতি শশধর হাওলাদার, সাধারণ সম্পাদক নিরুপমা সাহা, বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট রিনা সাহা, আড্ডা একাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ, আয়োজক কমিটির কর্মকর্তা অনুপম দও, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি। এছাড়া সংগীত সাধনা একাডেমির প্রধান পরিচালক মালবিকা চ্যাটার্জি, নৃত্যাঞ্জলি একাডেমির প্রধান পরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং পূজার পুরোহিত প্রবাস চক্রবর্তীও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।

সাংবাদিক সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি শশধর হাওলাদার। তিনি জানান, দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে দুর্গোৎসব আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় সত্যম রায় চৌধুরীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে মহালয়ার অনুষ্ঠান। মহালয়ার দিনে নিউ ইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী।

এরপর মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমি পরিবেশন করবে উদ্বোধনী সংগীতানুষ্ঠান। উৎসবের অন্যতম আকর্ষণ হবে নৃত্য পরিবেশনা। চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন এ নৃত্যানুষ্ঠানে। পাশাপাশি বাফা ও আড্ডার শিল্পীরাও নৃত্য পরিবেশন করবেন। প্রথম দিনের অনুষ্ঠানে আরও থাকছে বাংলাদেশ ও নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের পরিবেশনা। পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী মেঘলা দাশ গুপ্তও কনসার্টে অংশ নেবেন।

দ্বিতীয় দিন, ১১ অক্টোবর রবিবার সকাল ১০টায় শুরু হবে দুর্গাপূজা। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে অঞ্জলি। এদিন নৃত্যাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় থাকছে বিশেষ ধুনুচি নাচ। এদিন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী দিয়াসিনী রায়ের পরিবেশনার পাশাপাশি জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের কনসার্টও অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নিরুপমা সাহা জানান, অতিথি শিল্পী হিসেবে বিশিষ্ট শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেবেন।

নিরুপমা সাহা গত বছরের মতো এবারও দুর্গোৎসবের অনুষ্ঠান সফল করতে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সংগঠনের উপদেষ্টা অশোক রক্ষিত বলেন, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের এই দুর্গোৎসব ইতোমধ্যে বিশ্ব বাঙালির অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। তিনি উৎসবে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দও বলেন, নব্বই দশকের শুরুতে নিউ ইয়র্কে বাংলাদেশি হিন্দুদের দুর্গাপূজা শুরু হয়।

সে সময় বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গের বাঙালিদের আয়োজিত পূজায় অংশ নিতেন। কিন্তু টাইমস স্কয়ারে দুর্গোৎসব শুরু হওয়ার পর এটি এখন সকল বাঙালির মিলন ও আনন্দের মহোৎসবে পরিণত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে বসবাসরত বিভিন্ন প্রজন্মের বাঙালির মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। একই সঙ্গে টাইমস স্কয়ারের এই আয়োজন বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতি ও দুর্গোৎসবের ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে।