শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৫ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার


 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, বাংলাদেশ বিমান বহরে শতাধিক এয়ারক্রাফট দরকার। যুক্তরাষ্ট্র থেকে মাত্র ২৫টি কেনা হলো। ইউরোপ থেকেও এয়ারবাস কেনা হবে। বিমানকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করার পরিকল্পনা সরকারের রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কোথায় কোথায় রুট খোলা যায় তার পরীক্ষা নীরিক্ষা চলছে।জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর শেষে বিদায়ের ৬ ঘন্টা আগে জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিমান আসবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তবে নিউইয়র্কে বিমান আসবে কিনা সে ব্যাপারে কিছু বলেন নি। এটি ছিল  প্রধানমন্ত্রীর সফরের শেষ প্রেসব্রিফিং।  এতে আরও  অংশ নেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ।
প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ইউএনজিএ’র প্রেসিডেন্টের লিগ্যাল এডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন এমন সংবাদের ব্যাপারে দৃষ্টি আর্কষণ করলে হুমায়ুন কবির বলেন, এতে সরকারের কোন ভূমিকা ছিল না। জাতিসংঘের কোন পদ শূন্য থাকলে যে কেউ আবেদন করতে পারেন। জাইমা রহমান সে প্রক্রিয়াতেই আবেদন করে নিয়োগ পেয়েছেন। 
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাধীনভাবে চলাফেরার উপর কোন বিধি নিষেধ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, অবশ্যই না। এসব অবান্তর ও গুজব। দেশে অনেক গুরুত্বপূর্ন কাজ থাকায় প্রধানমন্ত্রী এবার সফর সংক্ষিপ্ত করেছেন। দেশের অপচয় না করার জন্যই তিনি স্বল্প সময় ও ছোট একটি প্রতিনিধি তল নিয়ে জাতিসংঘে এসেছিলেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ সফরের শেষ দিনে প্রধান ৩টি আরব দেশের সাথে বৈঠক করেছেন। দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযক্ত আরব আমিরাত ও কুয়েত। প্রত্যেকটি দেশের পক্ষ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রন জানানো হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যস্ততম সময় কাটিয়েছেন জাতিসংঘে। ৪ দিনে ৩৫টি অনুষ।টান ও বৈঠকে যোগ দিয়েছেন। তিনি দেশের কথা বলার পাশাপাশি বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন।