শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১০ ১৪৩৩   ১৩ রবিউস সানি ১৪৪৮

বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা

আজকাল রিােপর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
সন্তানের জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আসা বা ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে ফেডারের সরকার। এখন থেকে বার্থ ট্যুরিজমের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণের সহায়তাকারীরা ভিসা নিষেধাজ্ঞায় পড়বে। বুধবার নতুন এ নীতির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 
এক বিবৃতিতে রুবিও বলেন, বাণিজ্যিক বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে ব্যবসা করছে। এই নেটওয়ার্কগুলো মার্কিন ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার জন্য বিদেশি নাগরিকদের প্ররোচিত ও প্রশিক্ষণ দেয়। নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্মদানের ব্যবস্থা করার বিনিময়ে হাজার হাজার ডলার হাতিয়ে নেয়। তাই নতুন ভিসা নীতি বাণিজ্যিক বার্থ ট্যুরিজম নেটওয়ার্কের মালিক, পরিচালক ও ব্যবস্থাপক; আবেদনকারীদের প্রতারণার জন্য পরামর্শ বা প্রশিক্ষণ প্রদানকারী ভিসা ‘মধ্যস্থতাকারী’ (ফিক্সার); এবং জেনেশুনে এ ধরনের ভ্রমণকে সহায়তা প্রদানকারী বিদেশি চিকিৎসা সেবাদাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার রোধে ট্রাম্প প্রশাসন এই নীতিটি নিয়েছে। এই নতুন নীতিটি মূলত তাদের লক্ষ্য করবে যারা জেনেশুনে যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভ্রমণের প্রক্রিয়ায় জড়িত, অতীতে জড়িত ছিল কিংবা এতে সহায়তা করেছে।
নতুন নীতিটি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের (আইএনএ) ধারা ২১২(এ)(৩)(সি)-এর অধীনে কার্যকর করা হচ্ছে। 
রুবিও আরও বলেন, যারা এই প্রতারণার সাথে জড়িত এবং এর মাধ্যমে লাভবান হচ্ছে, তাদের ভিসা প্রদান সীমিত করার মধ্য দিয়ে আমরা একটি স্পষ্ট বার্তা দিচ্ছি: যুক্তরাষ্ট্র কোনো বিদেশিকে আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করতে এবং মার্কিন নাগরিকত্বের পবিত্রতা ক্ষুণ্ন করতে দেবে না।”
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর আগেই জানিয়েছে যে, ভিজিটর ভিসা বা দর্শনার্থী ভিসা পাওয়ার ক্ষেত্রে ‘বার্থ ট্যুরিজম’ কোনো গ্রহণযোগ্য নয়। সর্বশেষ এই ঘোষণাটি ‘বার্থ ট্যুরিজম’ রোধে ট্রাম্প প্রশাসনের নেওয়া আগের পদক্ষেপগুলোরই ধারাবাহিকতা। গত আগস্টে হোয়াইট হাউস জানায়, ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধ করা হয়েছে এবং এখন থেকে এই উদ্দেশ্যে আর ভিসা পাওয়া যাবে না। পাশাপাশি, প্রশাসন মার্কিন অভিবাসন ও ভিসা যাচাই-বাছাই সংক্রান্ত নীতিমালায় আরও ব্যাপক পরিবর্তনের উদ্যোগও নিয়েছে।