নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:২১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম বা ইএপি আওতায় নতুন করে নিউইয়র্ক স্টেটে কম আয়ের আরও ২৫ লাখ পরিবারকে বিদ্যুৎ ও গ্যাসের বিলে ছাড় দেওয়া হবে। সম্প্রতি গভর্নর ক্যাথি হোকুল স্টেটের ইএপি প্রোগ্রাম সম্প্রসারণ করে মধ্যম আয়ের পরিবারগুলোকেও এই সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
সম্প্রসারণের ফলে ইএপির আওতায় স্টেটজুড়ে মোট প্রায় ৩৫ লাখ পরিবার এই সযোগ পাবে। সিটির লক্ষ্য হলো পরিবারের আয়ের ৬ শতাংশের বেশি যেন বিদ্যুৎ ও গ্যাসের পেছনে ব্যয় না হয়। নিউইয়র্ক সিটিতে একজনের পরিবার বছরে সর্বোচ্চ ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার এবং চার সদস্যের পরিবার সর্বোচ্চ ১ লাখ ৬২ হাজার ডলার আয় করলেও ইএপির জন্য যোগ্য হতে পারে। আট সদস্যের পরিবারের ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে আয়ের সীমা ২ লাখ ১৩ হাজার ৯০০ ডলার পর্যন্ত। আপস্টেট নিউইয়র্কে একজনের পরিবারের আয়ের সীমা ৬৯ হাজার ৪৭৭ ডলার।
ইএপির জন্য যোগ্য হলেই সব পরিবার স্বয়ংক্রিয়ভাবে মাসিক বিল ছাড় পাবে না। যারা ইতোমধ্যে নির্দিষ্ট সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে ইএপির যোগ্যতা প্রমাণ করেছেন, তাদের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ভিত্তিতে ইউটিলিটি কোম্পানি স্বয়ংক্রিয়ভাবে ইএপি সুবিধা যুক্ত করতে পারে। বিশেষ করে হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা হিপ এবং নির্দিষ্ট পাবলিক অ্যাসিস্ট্যান্স কর্মসূচিতে থাকা পরিবার ইএপির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হতে পারে।
অন্যদিকে এসএনএপি, মেডিকেইড, সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা এসএসআই, ভেটেরান্স ডিজঅ্যাবিলিটি বা সারভাইভার্স পেনশন, লাইফলাইন টেলিফোন সার্ভিস, ফেডারেল পাবলিক হাউজিং অ্যাসিস্ট্যান্স, টিএএনএফ, সেফটি নেট অ্যাসিস্ট্যান্স ও হেড স্টার্টের মতো কর্মসূচিতে থাকা পরিবার ইএপির জন্য যোগ্য হতে পারে। তবে এসব কর্মসূচিতে থাকা মানেই যে ইএপি সুবিধা স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে, তা নয়। অনেক ক্ষেত্রে তাদের নিজেদের আবেদন করতে হবে। এছাড়া কোনো পরিবার এসএনএপি বা মেডিকেইডে না থাকলেও নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকলে তারা ইএপির জন্য আবেদন করতে পারবে।
