প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৪৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
- ‘কেউ বোতল মারলে তা তুলে পকেটে রেখে দিন’
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নিউইয়র্ক সফর সফল করার লক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে নিউইয়র্ক বিএনপির বিভিন্ন সংগঠন। এ উপলক্ষ্যে গত ১২ ও ১৫ সেপ্টেম্বর পৃথক প্রথক কর্মীসভার আয়োজন করে কর্মীদের নানা নির্দেশনা দিয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। তিন কর্মী সভাতেই প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর আমেরিকার সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন। অতিথি হিসেবে ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম ভূঁইয়া প্রমুখ।
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসবেন তারেক রহমান। এ উপলক্ষ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো ও জাতিসংঘ ভবনের সামনে ‘স্বাগত সমাবেশ’সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
এ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে নিউইয়র্ক স্টেট বিএনপির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উল্লাহ আতিকুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।
১৫ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে নিউইয়র্ক মহানগর দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
একই দিন ব্রঙ্কসের 'কে আর শেরা পার্টি হল'-এ নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির কর্মী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে আয়োজিত এসব কর্মীসভায় প্রধানমন্ত্রীর সফরকালে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন আনোয়ার হোসেন খোকন ও সংগঠনের শীর্ষ নেতারা।। এ সময় যাতে কোনো পক্ষ কোনো ধরনের নৈরাজ্যকর বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আসছেন সরকারি সফরে, কোন দলীয় কর্মসূচিতে নয়। তাই কোন ধরনের অপ্রীতিকর প্রস্তুতি সৃষ্টি হলে তা বাংলাদেশ সরকারের উপরই নেতিবাচক প্রভাব ফেলবে। কেউ বোতল ছুড়ে মারলে তা ধরে পকেটে রেখে দেবেন। শহীদ জিয়ার সৈনিকদের ধৈর্য্যরে পরিচয় দিতে হবে। উপস্থিত কর্মীরা যুক্তরাষ্ট্র বিএনপি'র কমিটি দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারাক রহমানের সঙ্গে আলোচনার জন্য আনোয়ার হোসেন খোকনকে অনুরোধ জানান।
যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে, নানা রং বেরঙ্গের ব্যানার ও ফেস্টুন সহকারে আগামী ২১ সেপ্টেম্বর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। এছাড়া ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যের সময় ভবনের বাইরে বিপুল জনসমাগমের মাধ্যমে ‘স্বাগত সমাবেশ’ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানকালে বিভিন্ন বরোতে নানা কর্মসূচীও নেয়া হয়েছে। সফর কালে যাতে প্রতিদ্বন্ধী পক্ষগুলো কোন বাজে পরিস্থিতি তৈরি করতে না পারে এ জন্য বিভিন্ন স্থানে সতর্ক থাকবে নেতা কর্মীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আরিফুর রহমান, সোহরাব হোসেন, রইচ উদ্দিন, আব্দুস সবুর, মো. আলমগীর মৃধা, মো. নাসিরউদ্দিন, রুহুল আমিন নাসির ও ফখরুল আলম।
