হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:২০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ও সৌদি আরবে গোষ্ঠীটির হামলা মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সৌদি ও ইসরায়েলের মধ্যে এসব যোগাযোগের সমন্বয় করছে। এর উদ্দেশ্য হলো সৌদি আরবকে হুতিদের হামলা মোকাবিলায় সহায়তা করতে পারে; এমন ইসরায়েলি গোয়েন্দা তথ্য রিয়াদের কাছে পৌঁছে দেওয়া।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা পেতে সেন্টকমের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে। সৌদি আরব এ বিষয়ে অন্যান্য উপসাগরীয় দেশ ও মিসরের সঙ্গেও যোগাযোগ করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।
তবে এ বিষয়ে সৌদি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা বা এমন কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
দুই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বকে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে ইসরায়েলকে যেন সামনের সারিতে না রাখা হয়।
এর পরিবর্তে হুতিদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক জোট গঠনের রাজনৈতিক প্রচেষ্টায় মনোযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা এবং সৌদি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তাদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সৌদি-ইসরায়েল যোগাযোগের এ খবর সামনে এলো।
সূত্র : টাইমস অব ইসরায়েল
