শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন

৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৫ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

 

রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রাপ্তবয়স্ক আমেরিকানদের পাঁচ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন এ রিপাবলিকান। পাশাপাশি ইরান যুদ্ধ, মূল্যস্ফীতি ও নির্বাচনী লড়াই নিয়েও চাপে আছেন তিনি। ডেমোক্র্যাটরা বলছেন, এ ধরনের ঘোষণা নির্বাচনী আচরণ বিরোধী। ভোটারদের ঘুষ দেবার সামিল। তবে এতেও তাদের রক্ষা হবে না। ট্রাম্পের দলকে আমেরিকানরা প্রত্যাখান করবে। উল্লেখ্য সিনেটে নিজেদের আসনগুলো রক্ষা করে আরও ৪টি ও হাউজে ৬টি আসনে জিতলেই ডেমোক্র্যাটরা কংগ্রেসে মেজোরিটি পাবে। লাগামহীন ক্ষমতার রশি টেনে ধরতে পারবে ডেমোক্র্যাটরা। 

ডালাসে স্থানীয় সময় বুধবার রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের প্রথম দিনের সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে সমর্থকদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন ধরে নেন, তিনিও এবারের নির্বাচনে ব্যালটে রয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘রিপাবলিকানরা জয়ী হলে আপনারাও আমাদের সঙ্গে জয়ী হবেন এবং ৫ হাজার ডলার পাবেন। এটিকে ট্রাম্পের বিশেষ ভাতা বলা হবে।’

তবে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে অন্তত ১ ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে। ফলে আর্থিক ও রাজনৈতিক দিক থেকে এটি বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়েও বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। শুধু বলেছেন, ‘আমাদের দেশ প্রচুর অর্থ উপার্জন করছে।’