ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধের অবসান ঘটবে এবং জ্বালানির দাম কমবে। বুধবার ৯ সেপ্টেম্বর মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুসে 'এয়ার ফোর্স ওয়ান'-এ ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আশা করছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান তাদের যুদ্ধ প্রচেষ্টা থেকে সরে আসবে। তবে তিনি স্বীকার করেছেন, এর আগে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমার সম্ভাবনা কম।
ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ইরান নভেম্বর পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে।
জ্বালানির দাম কমার বিষয়ে ট্রাম্প বলেন, "আমার মনে হয় মধ্যবর্তী নির্বাচনের সময়ের চেয়ে এতে কিছুটা বেশি সময় লাগবে। তারা মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে, যাতে আমরা সেখানে একদল দুর্বল মানুষকে ক্ষমতায় বসাই। যারা তাদের কোনো বাধা দেবে না এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ করে দেবে।"
তিনি আরও বলেন, তার বিশ্বাস ইরান পতনের দ্বারপ্রান্তে রয়েছে এবং তারা "নির্বাচনের পরপরই" সংঘাতের অবসান চাইবে। যার ফলে তেলের দাম দ্রুত কমে আসবে।
তিনি বলেন, "তারা আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না।"
‘সাংবাদিকরা বাথরুমে যাবেন না’ বললেন ট্রাম্প
ডালাসে রিপাবলিক্যানদের মধ্যবর্তী সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তৃতাকালে হঠাৎ করেই বলে ফেললেন কেউ বাথ রুমে যাবেন না। তিনি গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিয়েও রসিকতা করেন। ট্রাম্প বলেন, ‘কোনো সংবাদমাধ্যমের একজন সাংবাদিক বাথরুমে গেলে তাঁর খালি চেয়ারটি ক্যামেরায় দেখানো হবে। এরপর বলা হবে, প্রেসিডেন্ট সম্মেলনকক্ষটি কানায় কানায় পূর্ণ করতে পারেননি। তাই দয়া করে, কেউ বাথরুমে যাবেন না।’ তার এ কথায় সেখানে হাস্যরসের সৃষ্টি হয়।
(তথ্যসূত্র-রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও সিএনএন)
জয়ের ব্যাপারে আশাবাদী ট্রাম্প
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে জনমত জরিপকে ভুল প্রমাণ করে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখবে বলে আশা করছেন ট্রাম্প।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি আপনাদের বলছি, ধরে নিন আমিও ব্যালটে আছি।’
তবে সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩০ শতাংশের কিছু ওপরে। অর্থাৎ ৭০ ভাগ মানুষ ট্রাম্ওে কর্মকান্ডে সন্তুষ্ট নয়। একই সঙ্গে নিত্যপণ্যের উচ্চমূল্য এবং ইরানের সঙ্গে তার শুরু করা যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষও বাড়ছে।
নির্বাচনী বিশ্লেষণ প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউয়ের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা ২৩০টি আসন পেতে পারে। রিপাবলিকানরা পেতে পারে ২০৫টি। সিনেটে ডেমোক্র্যাটদের ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
