শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

রাজুর খুনি অ্যাকোস্টা নিউইয়র্কে গ্রেফতার

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪২ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


প্রবাসী বাংলাদেশি ইউসুফ রাজুর হত্যাকারি যিশু অ্যাকোস্টাকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। শনিবার সকালে রাজুর লাশ যখন বাংলাদেশের উদ্দেশ্যে আকাশ পথে এমন সময়ই  সন্দেহভাজন হত্যাকারিকে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ। শনিবার সকালে তাকে আটকের কথা জানিয়েছে  পুলিশ বিভাগ। কয়েক দিন ধরে চলা ব্যাপক অভিযানের পর তাকে আটক করা হয়। তাকে গ্রেফতার করতে কয়েকদিন ব্যাপক অভিযান চালায় পুলিশ। ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে ধরিয়ে দিতে ২৫ হাজার ডলার পুরষ্কার ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সে গ্রেফতার হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের বোদেগা মালিকদের একটি সংগঠন তাকে  গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল।
নিউ ইয়র্কে রাজু ও টেনাসিতে বাংলাদেশি শাহেদ রানা মহসিন হত্যাকান্ডে বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। বৃহস্পতিবার ব্রুকলিনে রাজুর জানাজা পড়ার সময় হত্যাকারির গ্রেফতার ও শাস্তির দাবিতে অনেকে শ্লোগানও দেন। শুক্রবার রাজুর লাশ বাংলাদেশে পাঠানোর ২৪ ঘন্টর মধ্যে সন্দেহভাজন হত্যাকারি অ্যাকোস্টা (৩১) গ্রেফতার হয়। 

গত শনিবার ২৩ আগষ্ট ভোররাতে ব্রুকলিনে নিজ কর্মস্থলে সন্দেহভাজন আ্যকোস্টার গুলিতে রাজু প্রাণ হারান।  ব্রাউনসভিল এলাকায় অবস্থিত একই  খাবারের দোকানে বাংলাদেশি মোহাম্মদ রাসেলও গুলিতে আহত হন।  রাসেলের বন্ধু ও সহকর্মী রাজু হাসপাতালে মারা যান। রাজু দুই কন্যা সন্তানের বাবা ছিলেন ।

দুই দিন পর মঙ্গলবার মধ্যরাতের কিছুক্ষণ পর ব্রঙ্কসের মেলরোজ এলাকায় ১৪৯ গ্রিল নামের একটি দোকানে প্রবেশ করেন বলে আকোস্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেখানে গুলিতে আহত ৩৩ বছর বয়সী টেইভন শুলারকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান। 
পুলিশের তথ্য অনুযায়ী, আকোস্তার বিরুদ্ধে এর আগে ১৩টি গ্রেফতারের রেকর্ড রয়েছে। মাত্র ১৪ বছর বয়সে সশস্ত্র ডাকাতির অভিযোগে প্রথমবার তাকে গ্রেফতার করা হয়।নিউইয়র্কের পাতাল রেল স্টেশনে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় তিনি ১০ বছর কারাগারে ছিলেন। গত এপ্রিল মাসে শর্তসাপেক্ষ মুক্তিতে কারাগার থেকে বের হন তিনি।