শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

কোটি মানুষের তথ্য চুরি : ডার্ক ওয়েবে বিক্রি

মনোয়ারুল ইসলাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

এফবিআই’র তদন্তে ইতিহাসে নজীরবিহীন ঘটনা


যুক্তরাষ্ট্রের ফেডারেল  ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর তদন্ত প্রতিবেদনে কয়েক কোটি আমেরিকান ও কানাডিয়ানের তথ্য চুরি করে বিক্রির তথ্য উৎঘাটিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এটি হবে ব্যক্তিগত তথ্য চুরির নজীরবিহীন ঘটনা। 
এফবিআই বুধবার জানিয়েছে যে, তারা এমন একটি প্রতিবেদনের বিষয়ে তদন্ত করছে যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েক কোটি মানুষের  ড্রাইভিং লাইসেন্স ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার সাংবাদিক ব্রায়ান ক্রেবস জানান, তিনি ডার্ক ওয়েবের একটি সাইট খুঁজে পেয়েছেন যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডার বাসিন্দাদের লাখ লাখ ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল স্ক্যান কপি বিক্রি করা হচ্ছে। তিনি জানান, বিক্রয় হওয়া তথ্যের সত্যতা যাচাই করতে তিনি নয়জন ব্যক্তির সাথে কথা বলেছেন। 

বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এফবিআই জানিয়েছে যে তারা "ঘটনাটি খতিয়ে দেখছে", তবে "তদন্ত চলমান থাকায়" এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবে না। খবর-রয়টার্স।
তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত হলে, এটি হতে পারে উত্তর আমেরিকায় সরকারিভাবে ইস্যু করা পরিচয়পত্রের তথ্যের অন্যতম বড় ফাঁস। যার ফলে কোটি কোটি মানুষের পরিচয় চুরি ও জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে।
ক্রেবস জানান, একটি রাশিয়ান সাইবার অপরাধ বিষয়ক ফোরামে বিজ্ঞাপন দেখার পর তিনি ওই সাইটটি সম্পর্কে জানতে পারেন। সেখানে তার নিজের ড্রাইভিং লাইসেন্সটি 'ফ্রি স্যাম্পল' বা বিনামূল্যে নমুনা হিসেবে দেওয়া হচ্ছিল। ক্রেবস বলেন, 'নেক্সাস' নামের ওই পরিসেবাটিতে যুক্তরাষ্ট্র ও কানাডার বাসিন্দাদের কয়েক কোটি ড্রাইভিং লাইসেন্স ছাড়াও লাখ লাখ অন্যান্য পরিচয়পত্র, ভ্রমণ নথি এবং কয়েক লাখ মেডিকেল রেকর্ড থাকার দাবি করা হয়েছে। ক্রেবস আরও জানান, সাইটটি চুরি করা তথ্যের ডেটাবেস রিয়েল-টাইমে (তাৎক্ষণিকভাবে) আপডেট করছে বলে মনে হয়েছে। যা ইঙ্গিত দেয় যে কোনো সক্রিয় বা চলমান তথ্য ফাঁসের ঘটনার মাধ্যমে সেখানে তথ্য সরবরাহ করা হচ্ছে। 
সাইবার নিরাপত্তা সংস্থা 'ইনফোব্লক্স'-এর হুমকি বিষয়ক গবেষক জ্যাক এডওয়ার্ডস বলেছেন, এই ঘটনাটি তার ব্যাপকতার দিক থেকে ছিল নজিরবিহীন।এডওয়ার্ডস বলেন, "ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য চুরির এমন ঘটনা আগে কখনও ঘটেনি।" তিনি আরও জানান যে, ওই ওয়েবসাইটে তাঁর নিজের লাইসেন্সটিও বিক্রির জন্য পাওয়া যাচ্ছিল। এডওয়ার্ডসের মতে, তথ্য চুরির এই ঘটনাটি চলমান থাকায় "এটি বিশিষ্ট ব্যক্তিদের জন্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রকৃত ঝুঁকি তৈরি করেছে।"
রয়টার্স চুরি হওয়া তথ্যের উৎস নিশ্চিত করতে পারেনি। ক্রেবস নিউ অরলিন্স-ভিত্তিক পরিচয় যাচাইকারী প্রতিষ্ঠান এর একজন প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে জানান যে, তারা বিষয়টি তদন্ত করছে। যারা নিজেদের "ব্যাপক পরিসরে পরিচয়পত্র জালিয়াতি প্রতিরোধকারী" হিসেবে পরিচয় দেয়-রয়টার্সের পাঠানো একাধিক বার্তার কোনো উত্তর দেয়নি।
ক্রেবস জানান, ড্রাইভিং লাইসেন্সের তথ্য বিক্রির প্রস্তাব দেওয়া ডার্ক ওয়েবের সাইটটি তাঁর প্রতিবেদন প্রকাশের পরপরই উধাও হয়ে যায়।