শুক্রবার   ০৪ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ১৯ ১৪৩৩   ২১ রবিউল আউয়াল ১৪৪৮

ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২২ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ভেনেজুয়েলা এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং এ জন্য তাদের আরও কিছু সময় প্রয়োজন। এমনটি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (০২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মনোভাব ব্যক্ত করেন।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন কেন কারাকাসকে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চাপ দিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা এখনও প্রস্তুত। জানেনই তো, বিষয়টি একেবারেই নতুন।’

তিনি বলেন, ‘আমরা তাদের একটি স্বৈরশাসন থেকে বের করে এনেছি এবং সরকারের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস খুব, খুব ভালো কাজ করছেন এবং তিনি খুবই সম্মানিত মানুষ।’
 নির্বাচনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ডেলসি এটা চান, কিন্তু তারা এখনও প্রস্তুত নয়’। ট্রাম্প বলেন, ‘তারা এখনও এর জন্য প্রস্তুত হতে পারবে না। তবে শিগগিরই আমরা এটি (নির্বাচন আয়োজন) করার অপেক্ষায় আছি।’

সূত্র: আনাদোলু এজেন্সি