শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৩ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৫ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার


 
বিশ্বজুড়ে ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে বিশ্বজুড়ে মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করা হয়েছে। এ কারণে বন্ধ রাখা হয়েছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রমর। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেন যে, বিশ্বব্যাপী দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সুবিধার্থে ভিসার অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় আনা হচ্ছে। তবে এই প্রশিক্ষণ কার্যক্রম কত দিন স্থায়ী হবে বা কত দিন অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিস্তারিত কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারীদের শনাক্ত ও যাচাই-বাছাই করতে সহায়তা করা, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন। এর মাধ্যমে ভিসার সমস্ত আবেদন যেন ‘ব্যাপকভাবে ও ধারাবাহিকভাবে’ মূল্যায়ন করা হয়, তা নিশ্চিত করা হবে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল, সেই অভিবাসী ভিসার আবেদনকারীরা ই-মেলের মাধ্যমে জানতে পেরেছেন যে, তাদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। নতুন তারিখ সম্পর্কে তাদের জানিয়ে দেওয়া হবে।