শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৩ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৪ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার


 
নিউইয়র্কে আইসের সঙ্গে পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ২৫ আগস্ট ২৮৭(জি) চুক্তি নিষিদ্ধকারী নতুন আইন কার্যকরের ঘোষণা দেন। নিউইয়র্ক স্টেটে স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সহযোগিতা সীমিত করার নতুন আইন ২৬ অগাস্ট মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এর ফলে স্থানীয় পুলিশ ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের বেসামরিক অভিবাসন কার্যক্রমে সহযোগিতার ওপর নতুন বিধিনিষেধ আরোপ হয়েছে।
লোকাল কপস, লোকাল ক্রাইমস অ্যাক্ট নামে পরিচিত এই আইনে স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আইসের সঙ্গে ২৮৭(জি) ধরনের চুক্তি করা বা বহাল রাখা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ফেডারেল বেসামরিক অভিবাসন আইনের আওতায় আটক ব্যক্তিদের রাখার জন্য স্থানীয় কারাগার, সংশোধনাগার ও কিশোর আটককেন্দ্র ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গভর্নর ক্যাথি হোচুল গত ২৭ মে ২০২৬ সালে আইনটির সংশ্লিষ্ট বিধানগুলোতে স্বাক্ষর করেন। নতুন আইনের অধীনে বিদ্যমান ২৮৭(জি) চুক্তিগুলো ২৫ আগস্টের মধ্যে বাতিল করার কথা। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয় জানিয়েছে, রাজ্যে বর্তমানে ১২টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আইসের সঙ্গে ২৮৭(জি) চুক্তি ছিল। জুলাইয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নতুন অফিস অব ইমিগ্র্যান্ট ট্রাস্ট এসব সংস্থাকে চিঠি দিয়ে ২৫ আগস্টের মধ্যে চুক্তি বাতিল করার আইনি বাধ্যবাধকতার কথা জানায়।
গভর্নর হোচুল বলেছেন, স্থানীয় পুলিশের মূল দায়িত্ব হওয়া উচিত স্থানীয় অপরাধ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করা। তার বক্তব্য অনুযায়ী, কোনো প্রকৃত অপরাধ সংঘটিত হলে স্থানীয় পুলিশ আইসকে সহযোগিতা করতে পারে, কিন্তু শুধু বেসামরিক অভিবাসন বিষয়ক কার্যক্রমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না।
তবে নতুন আইনকে কেন্দ্র করে নাসাউ কাউন্টির সঙ্গে স্টেট সরকারের সম্ভাব্য আইনি বিরোধ তৈরি হয়েছে। নাসাউ কাউন্টি এখনো আইনটি পুরোপুরি মেনে চলার সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারিতে কাউন্টি ১০ জন পুলিশ কর্মকর্তাকে আইসের অধীনে বিশেষ ক্ষমতা দিয়েছিল। একই সঙ্গে নাসাউ কাউন্টির কারাগারগুলোকে আইসের আটক সুবিধা হিসেবে ব্যবহারের সুযোগও দেওয়া হয়েছিল এবং এর জন্য ফেডারেল সরকার থেকে অর্থ নেওয়া হচ্ছিল।