নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
মানবজাতির কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর নীতি-আদর্শ অনুসরণ করার বিকল্প নেই। মুহাম্মদ (সা:) সর্বকালের জন্য সকল মানুষের জন্য আদর্শ। তাঁর পথ ধরে চলতে পারলে মুসলিম উম্মাহ ইহকাল ও পরকালে অসীম সুখ-শান্তিতে থাকতে পারবে। মুহাম্মদ (সা:) এর জীবন চরিত্র একটি আদর্শ। পবিত্র কোরআনের বাণী আর তাঁর আদর্শ ঘরে ঘরে পৌছে দেয়াও সকল মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিউইয়র্কে আয়োজিত ১৯তম ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন-২০২৬’ এ আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার (১৬ আগষ্ট) বাদ আসর থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত জ্যামাইকার একটি পার্টি হলের এই কনভেনশনের আয়োজন করা হয়। পার্শ্ববর্তী ইকরা পার্টি সেন্টার ছিলো মহিলাদের আসনের বিশেষ ব্যবস্থা।
‘মুহাম্মদ (সা:) বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায় বিচারের আদর্শ’ শীর্ষক কনভেনশনে দেশ ও বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ মিন্টু। কনভেনশনের অন্যতম আয়োজক জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও পেশ ইমাম মির্জা আবু জাফর বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশন পরিচালনা করেন আয়োজক কমিটির দুই সদস্য মুফতি মালেক ও হাফেজ রফিকুল ইসলাম।
কনভেনশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আদিল। বিশিষ্ট আলেম-ওলামাদের মধ্যে প্রথম পর্বের বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন হাফেজ রফিকুল ইসলাম, শায়েখ হামদান আজহারী, শায়েক শফিউর রহমান, মুফতি বুরহান, মাওলানা রফিক উদ্দিন, মুফতি ফয়সাল আব্দুল ওয়াহাব, মুফতি ইউসূফ, ইমাম ড. শামসী আলী, আব্দুর রহমান ও শায়েক আবু শায়েদ মাহফিজ।
মাগরিব-এর নামাজ ও বিরতির পর অনুষ্ঠিত কনভেনশনের মূল পর্বে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন শেলটার রক মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, সামাজিক সংগঠন নাহার-এর সভাপতি ডা. আতাউল ওসমানী, ইঞ্জিনিয়ার সামি মাসুদ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, শায়েক আব্দুল্লাহ কামাল আজহারী, মফিজুর রহমান, মুফতি ড. আনসারুল করীম, মুফতি মিজানুর রহমান এবং ইমাম মির্জা আবু জাফর বেগ।
