শনিবার   ২২ আগস্ট ২০২৬   ভাদ্র ৬ ১৪৩৩   ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৭ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার


 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা অব্যাহত রয়েছে। রয়টার্স/ইপসসের নতুন এক জরিপ অনুযায়ী,তাঁর জনপ্রিয়তা এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতি তিনজন আমেরিকানের মধ্যে মাত্র একজন তাঁর কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। অব্যাহত জনপ্রিয়তা ধ্বসের অন্যতম কারন হিসেবে চিহ্নিত হয়েছে ইরান যুদ্ধ। অধিকাংশ আমেরিকান বিশ্বাস করেন, নেতানিয়াতেুর উস্কানীতেই ট্রাম্প ইরানে হামলা করেছেন বিনা উস্কানীতে। আর তা থেকে আর বের হতে পারছেন না। তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখন সাধারন মানুষের হাতের নাগালের বাইরে। এতে তার জনপ্রিয়তায় নামছে ধ্বস।
১৭ আগস্ট প্রকাশিত এই জরিপে দেখা গেছে, মাত্র ৩৩ শতাংশ আমেরিকান ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে পরিচালিত রয়টার্স/ইপসসের আরেকটি জরিপের তুলনায় এই হার ২ শতাংশ পয়েন্ট কম। এই জরিপটি প্রকাশিত হয়েছে ‘ইউএসএ টুডে’ পত্রিকায়।
১৭ আগস্টের জরিপে ট্রাম্পের এই জনপ্রিয়তা হোয়াইট হাউসে তাঁর প্রত্যাবর্তনের পর থেকে রয়টার্স/ইপসসের পর্যবেক্ষণে দেখা সর্বনিম্ন হার। এই সংখ্যাটি ২০১৭ সালের ডিসেম্বরে তাঁর প্রথম মেয়াদে দেখা সর্বনিম্ন জনপ্রিয়তার হারের সমান।
রয়টার্স/ইপসসের এই জরিপটি ১৪ থেকে ১৭ আগস্টের মধ্যে ১,১৬৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর চালানো হয়। জরিপটির ত্রুটির মাত্রা (মার্জিন অফ এরর) ছিল প্লাস-মাইনাস ৩ শতাংশ পয়েন্ট।
জরিপে প্রেসিডেন্টের জনপ্রিয়তার এই ধারাবাহিক পতনের কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সাথে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়ে অধিকাংশ আমেরিকানের উদ্বেগ।
রয়টার্সের তথ্যমতে, চলমান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ স্থবির হয়ে পড়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের (গ্যাস) দাম ব্যাপকভাবে বেড়েছে। এএএ (অঅঅ)-এর তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ছিল ৪.০৬ ডলার; অথচ ২০২৫ সালের একই তারিখে এই দাম ছিল প্রতি গ্যালন ৩.১৩ ডলার-অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় এক ডলার।
১৭ আগস্টের জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ আমেরিকান-যার মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান অন্তর্ভুক্ত-মনে করেন যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা "দীর্ঘ সময়" ধরে অব্যাহত থাকবে। যদিও বিভিন্ন জনমত জরিপের ফলাফলে ভিন্নতা রয়েছে, তবুও প্রধান জরিপগুলোর গড় ফলাফল অনুযায়ী ট্রাম্পের অবস্থান সামগ্রিকভাবে নেতিবাচকই রয়ে গেছে। ট্রাম্পকে সর্মথন ও অসর্মথনের সর্বশেষ জরিপের ডাটা এখানে তুলে ধরা হলো। রিয়েলক্লিয়ারপলিটিক্স :(১৭ আগস্ট): ৩৯.২% সমর্থন, ৫৮.৪% অসমর্থন। নিউ ইয়র্ক টাইমস: (১৭ আগস্ট): ৩৭% সমর্থন, ৬০% অসমর্থন। সিলভার বুলেটিন: (১৭ আগস্ট): ৩৮.৩% সমর্থন, ৫৮.০% অসমর্থন।