যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম আরও কঠোর করার পক্ষে আবারও অবস্থান নিয়েছেন। এ সময় তিনি ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবস্থা ও ডাকযোগে ভোটের তুলনামূলক কম ব্যবহারের উদাহরণ দিয়েছেন। মঙ্গলবার দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি তাকে প্রশ্ন করেছেন, বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া যুক্তরাষ্ট্রে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ট্রাম্প দাবি করেন, ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লাখ মানুষ ভোট দিয়েছেন। তাদের এক শতাংশেরও কম ডাকযোগে ভোট দিয়েছেন। আর প্রত্যেক ভোটারের বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছিল বলে তিনি উল্লেখ করেন।
ভারতের এই ব্যবস্থার উদাহরণ টেনে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের দাবি জানান। প্রস্তাবিত এই আইনে ভোটার হিসেবে নিবন্ধনের সময় মার্কিন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। পাশাপাশি দেশজুড়ে ভোটারদের জন্য ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
আইনটিতে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগও উল্লেখযোগ্যভাবে সীমিত করার কথা বলা হয়েছে।
ট্রাম্পের দাবি, এসব নিয়ম চালু হলে নির্বাচনে জালিয়াতি ঠেকানো সহজ হবে। তবে আইনটি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিরোধ রয়েছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির মধ্যেও এ বিষয়ে মতবিরোধ রয়েছে।
চলতি মাসের শুরুতে মার্কিন সিনেট পাঁচ সপ্তাহের ছুটিতে যাওয়ার আগে আইনটি পাসের বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
