নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৬ আগস্ট ২০২৬ রোববার
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) ঘোষণা দিয়েছে, নিউইয়র্ক সিটির হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ব্রডওয়ের বিভিন্ন প্রযোজনার ২ হাজারেরও বেশি বিনামূল্যের টিকিট দেওয়া হবে।
নিউইয়র্ক সিটির নবম থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থী এই টিকিট লটারিতে অংশ নিতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি টিকিট দাবি করতে পারবে।
এবারের উদ্যোগে অংশ নেওয়া সাতটি ব্রডওয়ে প্রযোজনা হলো Buena Vista Social Club, In the Heights, School Girls; Or, The African Mean Girls Play, Stranger Things: The First Shadow, The Lost Boys, The Great Gatsby এবং Two Strangers (Carry a Cake Across New York)।
টিকিট লটারিতে আবেদন আগামী ১৭ আগস্ট সোমবার সকাল ১০টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা on.nyc.gov/Broadway ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে।
লটারিতে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে দুই মাসের জন্য বিনামূল্যে টিডিএফ সদস্যপদ পাবে। এই সদস্যপদের মাধ্যমে ব্রডওয়ে, অফ-ব্রডওয়ে এবং অফ-অফ ব্রডওয়ের বিভিন্ন শোর টিকিট সাধারণত ২০ থেকে ৪০ ডলারের মধ্যে ছাড়মূল্যে কেনা যাবে।
এ ছাড়া টিডিএফ সদস্যপদ ব্যবহার করে শিক্ষার্থীরা নিউইয়র্কের ২০টিরও বেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিনামূল্যে বা উল্লেখযোগ্য ছাড়ে প্রবেশের সুযোগ পাবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, ব্রুকলিন মিউজিয়াম, কার্নেগি হল, ফ্লাশিং টাউন হল, লিংকন সেন্টার, মোমা পিএস১, নিউইয়র্ক হল অব সায়েন্স, কুইন্স বোটানিক্যাল গার্ডেন এবং দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট।
টিকিট লটারির সময়সীমা শেষ হলেও আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে দুই মাসের টিডিএফ সদস্যপদের সুবিধা গ্রহণ করতে পারবে।
মেয়র জোহরান মামদানি বলেন, অর্থনৈতিক সামর্থ্য যাই হোক না কেন, নিউইয়র্ক সিটির প্রতিটি তরুণ-তরুণীরই শহরের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকা উচিত।
