শনিবার   ১৫ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩০ ১৪৩৩   ০১ রবিউল আউয়াল ১৪৪৮

সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর

আজকাল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার

 

  •     ইতিহাসের ব্যয়বহুল নির্বাচন
  •     ভোটার সংখ্যা ৩৫,৩২১
  •     কমিটির মেয়াদ হবে ৩ বছর

 
 

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচন আগামী ১৮ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ ও মাদার সংগঠন এই সোসাইটি। নিউইয়র্কে প্রায় ৩ লক্ষাধিক বাংলাদেশি বাস করলেও প্রত্যেকের ২০ ডলারের বিনিময়ে এ সংগঠনের সদস্য সংখ্যা ৩৫ হাজার ৩ শত ২১। এই সদস্যরাই কেবল নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের মঙ্গলবার ১১ আগস্ট কুইন্সে সোসাইটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তফশীল ঘোষণা করেন। ৭ সদস্যের নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার , আহবাব চৌধুরী,মিয়া মোহাম্মদ দুলাল ও মিঠু হামিদ । মনোনয়ন পত্র গ্রহনের তারিখ ২৫ আগষ্ট। জমা ৩০ আগষ্ট।প্রত্যহারের তারিখ ৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৪ সেপ্টেম্বর। সভাপতি ও সাধারন সম্পাদকের মনোনয়ন পত্রের মুল্য ধরা হয়েছে যথাক্রমে ৬ হাজার ও ৫ হাজার ডলার। অন্যান্য পদের জন্যও নমিনেশন পেপারের মূল্য ধার্য ধরা হয়েছে। 
ইতোমধ্যেই নির্বাচনে আগ্রহী প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। এ নির্বাচনে মূলত ২টি প্যানেল নির্বাচন করছেন। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। অন্য প্যানেলের নেতৃত্ব দেবেন আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদ। তবে সাধারন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বার ঘোষণা দিয়েছে সৈয়দ রাব্বি।
নিউইয়র্ক সিটির ব্রংকস, কুইন্সের উডসাইড, জামাইকা, ব্রুকলিনের ফুলটন ও ওজন পার্ক কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 
ঘোষিত তফসিল অনুযায়ী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি হবে আগামী ২৫ আগস্ট। ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে ৫০০ ডলারের বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

 

মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ৩০ আগস্ট। ওই দিন উডসাইডের কুইন্স প্যালেসে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সোসাইটি ভবনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রার্থিতা নিয়ে আপিল গ্রহণ করা হবে ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির ভবনে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। পরদিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় সোসাইটি কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে সভাপতি পদে একজন, সিনিয়র সহ-সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, সহকারী সাধারণ সম্পাদক একজন এবং কোষাধ্যক্ষ পদে একজন নির্বাচিত হবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, জনসংযোগ ও প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, ক্রীড়া ও বিনোদন সম্পাদক, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং যুব ও আইটি বিষয়ক সম্পাদক পদে একজন করে নির্বাচিত হবেন। পাশাপাশি ছয়জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন। সব মিলিয়ে কার্যনির্বাহী কমিটির ২১টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এবারের নির্বাচিত কমিটি হবে ৩ বছর মেয়াদী।

নির্বাচনে প্রার্থী হতে পদভেদে নির্ধারিত ফি জমা দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভাপতি প্রার্থীকে ৬ হাজার ডলার, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীকে ৫ হাজার ডলার করে, সহ-সভাপতি প্রার্থীকে ৪ হাজার ৫০০ ডলার, সহ-সাধারণ সম্পাদক প্রার্থীকে ৩ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষ প্রার্থীকে ৩ হাজার ডলার এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থীকে ২ হাজার ৫০০ ডলার জমা দিতে হবে। অন্যান্য সম্পাদকীয় পদের প্রার্থীদের ২ হাজার ডলার এবং সদস্য পদের প্রার্থীদের ১ হাজার ৫০০ ডলার করে দিতে হবে। এই অর্থ অফেরতযোগ্য এবং সার্টিফায়েড চেক অথবা নগদে পরিশোধ করা যাবে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু নাসের বলেন, এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে। কারণ এর আগে এতসংখ্যক ভোটার নিয়ে সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা দেওয়ার কথা। সেই অনুযায়ী সোসাইটি কর্তৃপক্ষ ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে দিয়েছে। তবে তালিকা সংশোধনের জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় রাখা হয়েছে।

আবু নাসের বলেন, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৩৫ হাজার ৩২১ জন। তবে এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়। ভোটার তালিকা সংশোধনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
ভোট দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, “নো আইডি, নো ভোট।” পাশাপাশি যে ভোটার যে কেন্দ্রের অন্তর্ভুক্ত, তাকে সেই কেন্দ্রেই ভোট দিতে হবে। নির্বাচনের ব্যয় প্রসঙ্গে আবু নাসের বলেন, নির্বাচন কমিশনের প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ডলার। তিনি বলেন, অঙ্কটি শুনতে অনেক বড় মনে হলেও বর্তমানে সবকিছুর ব্যয় বেড়েছে। শুধু ভোট গ্রহণের মেশিনের পেছনেই প্রায় ৯০ হাজার ডলার ব্যয় হবে। এর সঙ্গে রয়েছে পাঁচটি ভোটকেন্দ্রের হল ভাড়াসহ নির্বাচন পরিচালনার অন্যান্য খরচ। বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে তিনি প্রার্থী, ভোটার এবং কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য সোসাইটির ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দুটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাব্বী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তবে ওসমান চৌধুরী তার সদস্যপদ এখনও ফেরত পাননি। পেলেইই তিনি নির্বাচন করতে পারবেন। দুটি প্যানেলের একটিতে সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান এবং সহ-সভাপতি পদে কামরুজ্জামান কামরুল রয়েছেন।

অন্য প্যানেলে সভাপতি পদে আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে দুলাল বেহেদু এবং সহ-সভাপতি পদে কালাম ভূঁইয়া রয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই প্যানেলের প্রার্থীরা কমিউনিটির ভোটারদের কাছে নিজেদের তুলে ধরতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আগামী ১৮ অক্টোবরের ভোটকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদ সম্মেলনে ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষা বিষয়ক হাসান জিলানী, নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নওশেদ হায়দার , সাবেক সহ সভাপতি সালামত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, কমিউনিটির লিডার আলহাজ সোলায়মান ভূইয়া, কাজী আজম, ফিরোজ আহমেদ, নাজমুল হাসান মানিক, খোকন মোশাররফ, দুলাল বেহদু ও এএসএম মাইন উদ্দীন পিন্টু উপস্থিত ছিলেন।