মঙ্গলবার   ২১ জুলাই ২০২৬   শ্রাবণ ৬ ১৪৩৩   ০৫ সফর ১৪৪৮

এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন ১৮ দশমিক ২ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। এর ফলে কাউন্সিল সদস্য, নগরব্যাপী নির্বাচিত কর্মকর্তা, বরো প্রেসিডেন্ট এবং জেলা অ্যাটর্নিরা আগামী মাস থেকেই বাড়তি বেতন পেতে পারেন।

বৃহস্পতিবার সিটি কাউন্সিলে ডেপুটি স্পিকার নানতাশা উইলিয়ামসের উত্থাপিত বিলটি ৪২–৬ ভোটে পাস হয়। কাউন্সিল স্পিকার জুলি মেনিন ভোটদানে বিরত থাকেন।

মেয়র জোহরান মামদানি গঠিত তিন সদস্যের একটি স্বাধীন কমিশন গত মাসে জনপ্রতিনিধিদের বেতন বাড়ানোর সুপারিশ করে। কমিশনের মতে, ২০১৬ সালের পর থেকে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বেতন সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে।

তবে মেয়র জোহরান মামদানি এবং সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন জানিয়েছেন, তারা নিজেদের জন্য এই বেতন বৃদ্ধি গ্রহণ করবেন না। জুলি মেনিন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বেতন বৃদ্ধি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছেন।

বিলটির বিপক্ষে ভোট দেন ছয়জন কাউন্সিল সদস্য। তাদের মধ্যে দুইজন ডেমোক্র্যাট ও চারজন রিপাবলিকান সদস্য রয়েছেন।

প্রাথমিক প্রস্তাবে ভবিষ্যতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের একটি বিধান রাখা হয়েছিল। তবে সুশাসনবিষয়ক বিভিন্ন সংগঠনের আপত্তির পর চূড়ান্ত বিল থেকে সেই অংশটি বাদ দেওয়া হয়।

এর আগে ২০১৬ সালে নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের সর্বশেষ বেতন বৃদ্ধি কার্যকর হয়েছিল। ফলে প্রায় ১০ বছর পর তাদের বেতন আবারও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।